জমে উঠছে পূজামণ্ডপ
শুরু হয়েছে শারদীয় দুর্গাপূজা। আর পূজা উপলক্ষে নানা ধরনের অনুষ্ঠান চলছে। এর মধ্যে ঢাকায় বেশ কয়েকটি পূজামণ্ডপে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। দেশের খ্যাতিমান শিল্পীরা অংশ নেবেন এসব অনুষ্ঠানে। রাজধানীর বনানীর রাজউক মাঠে আজ নবমী উপলক্ষে রাত আট থেকে চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সংগীত পরিবেশন করবেন সুবীর নন্দী, চন্দনা মজুমদার, প্রিয়াংকা গোপ, অণিমা রায়, ছন্দা চক্রবর্তী, ফকির আলমগীরসহ অনেকেই। দীপা খন্দকার ও অনীক বোস পরিবেশন করবেন নৃত্য। এ বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানটি চলবে রাত ১১টা পর্যন্ত। পরিচালনা ও উপস্থাপনা করবেন মনোজ সেনগুপ্ত। তিনি জানান, পুরো অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে বৈশাখী ও মাছরাঙা টেলিভিশন।
এ ছাড়া কলাবাগান মাঠে আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। মনোজ সেনগুপ্ত জানান, ঢাকেশ্বরী ও ঢাকার বিভিন্ন স্থানে দুর্গাপূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।