জমে উঠেছে আন্তর্জাতিক নাট্যোৎসব
দারুণ জমে উঠেছে শিল্পকলা একাডেমীতে আয়োজিত আন্তর্জাতিক নাট্যোৎসব। দেশ-বিদেশের শিল্পীরা অংশ নিচ্ছেন একাডেমীর তিনটি মঞ্চে। সব মঞ্চে দর্শকের বিপুল উপস্থিতি। গতকাল ছিল উৎসবের তৃতীয় দিন। রোববার থেকে শুরু হয়েছে আইটিআই বাংলাদেশ কেন্দ্র আয়োজিত সপ্তাহব্যাপী ‘এশিয়ার নাটক: নাটকের এশিয়া’ শীর্ষক আন্তর্জাতিক নাট্যোৎসব। উৎসবের তৃতীয় দিনে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে চীনের নানিং সিটি অপেরা নাটক পরিবেশন করে। এ ছাড়া পরীক্ষণ থিয়েটার হলে ঐকিক থিয়েটার হাড় তরঙ্গ এবং স্টুডিও থিয়েটার হলে আরণ্যক নাট্যদল মঞ্চস্থ করে মুনীর চৌধুরীর নাটক কবর।আজ বুধবার নাট্যোৎসবের চতুর্থ দিনে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে দেশ নাটক অরক্ষিতা, ঢাকা পদাতিক পরীক্ষণ থিয়েটার হলে আপদ এবং স্টুডিও থিয়েটার হলে ইউনিভার্সেল থিয়েটার মঞ্চস্থ করবে মহাত্মা। এ ছাড়া আজ বুধবার সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শিল্পকলা একাডেমীর ১ নম্বর মহড়াকক্ষে ‘চায়নিজ অপেরা’-বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হবে। কর্মশালা পরিচালনা করবেন সিঙ্গাপুরের নাট্যজন চুয়া সু পং। আগামীকাল বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত একাডেমীর সেমিনারকক্ষে আয়োজন করা হয়েছে আন্তর্জাতিক নাট্য সেমিনার। বাংলাদেশের অধ্যাপক আফসার আহমেদ ও অধ্যাপক ইসরাফিল শাহীন, সিঙ্গাপুরের চুয়া সু পং এবং ইন্দোনেশিয়ার অধ্যাপক পুডেনশিয়া চারটি নির্দিষ্ট বিষয়ে তাঁদের বক্তব্য উপস্থাপন করবেন।