
গণসংগীত মানুষের সচেতন জীবনসংগ্রামের ফসল। সমাজে যতকাল শ্রেণি থাকবে, ততকাল শ্রেণিসংগ্রাম থাকবে, তত দিন টিকে থাকবে গণমানুষের লড়াই-সংগ্রাম। এই সংগ্রামের অনুপ্রেরণা দেবে গণসংগীত।
উদীচী শিল্পীগোষ্ঠী আয়োজিত সত্যেন সেন গণসংগীত উৎসব ও প্রতিযোগিতায় গতকাল গান, আলোচনায় এ কথাগুলোই বারবার উচ্চারিত হচ্ছিল।
গণসংগীতের বিপ্লবী সুর, প্রতিবাদী বক্তব্য ও পুরস্কার বিতরণীতে দারুণ জমে উঠেছে উত্সব। গতকাল শিল্পকলা একাডেমির মাঠে বৃষ্টিভেজা বিকেলে উৎসবের দ্বিতীয় দিনের অনুষ্ঠান শুরু হয় গণসংগীতবিষয়ক সেমিনার দিয়ে। শুরুতে ‘সুর-অসুরের দ্বন্দ্ব ও গণসংগীত’ শিরোনামে প্রবন্ধ উপস্থাপন করেন দীপঙ্কর গৌতম। প্রবন্ধে দীপঙ্কর গৌতম বলেন, মরচে পড়া সমাজের ভিত নাড়িয়ে দেওয়াই গণসংগীতের অন্যতম প্রধান কাজ।
উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি সফিউদ্দিন আহমদের সভাপতিত্বে সেমিনারে প্রবন্ধের ওপর আলোচনা করেন অধ্যাপক মতলুব আলী, মাহমুদ সেলিম, প্রবীর সরদার, রেজাউল করিম সিদ্দিক, প্রদীপ ঘোষ ও অধ্যাপক সায়েম রানা।
সেমিনার শেষে জাতীয় গণসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে বিজয়ীদের হাতে সনদ ও স্মারক তুলে দেওয়া হয়। এবারের জাতীয় গণসংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে ‘ক’ বিভাগে প্রথম হয়েছেন অঙ্কুর সরকার, দ্বিতীয় নম্রতা বর্মণ ও তৃতীয় স্বীকৃতি রাহা। ‘খ’ বিভাগে প্রথম হয়েছেন সৌরভ দাস, দ্বিতীয় ওয়াজীহা তাসনীম ও তৃতীয় মায়েশা সুলতানা। ‘গ’ বিভাগে প্রথম হয়েছেন সুব্রত দাস, দ্বিতীয় অরুণ চন্দ্র বর্মণ ও তৃতীয় বিজয় চক্রবর্তী। এ ছাড়া ‘ঘ’ বিভাগে (দলীয়) চ্যাম্পিয়ন হয়েছে উদীচী যশোর জেলা সংসদ, দ্বিতীয় উদীচী সিলেট জেলা সংসদ ও তৃতীয় উদীচীর মাদারীপুর জেলা সংসদ। এ পর্বটি সঞ্চালনা করেন উদীচী কেন্দ্রীয় সংসদের সহসাধারণ সম্পাদক সঙ্গীতা ইমাম।
আজ শেষ দিন সন্ধ্যা ছয়টায় কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে অতিথি শিল্পী পূরবী মুখোপাধ্যায় ও অমিতাভ মুখোপাধ্যায় গণসংগীত পরিবেশন করবেন।