জমে উঠেছে কালো সিঁদুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজি পুড়ছে, সানাই বাজছে, হাসির বন্যা বইছে...কিন্তু কনের সাজে সজ্জিত রিক্তা ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছে। রিক্তার দাদা মাতাল জীবন বোস নিজের স্বার্থসিদ্ধির জন্য তাকে তুলে দেয় হূদয়হীন অরিন্দম চৌধুরীর হাতে। অথচ বিরহ-ব্যথায় রিক্তা আর সুভাষ শুধু কাতরই হয় না, গ্রাম আর গ্রামের মানুষকে ভুলে শেষতক সুভাষকে আশ্রয় নিতে হয় নিম্নবর্ণের বাগদিপাড়ায়। আর রিক্তার স্বপ্ন-মুকুল অকালে ঝরে যায় নির্মম নিয়তির আঘাতে।স্বপন কুমার চট্টোপাধ্যায় রচিত কালো সিঁদুর পালার এমনই কাহিনি। পালাটি নিউ ভোলানাথ অপেরা এ বছর প্রথম মঞ্চে আনে। দুলাল দেবনাথের নির্দেশনায় পালাখানা মঞ্চস্থ হয় গাইবান্ধার গোবিন্দগঞ্জে। প্যান্ডেলভর্তি দর্শক রাত কাবার হওয়া পর্যন্ত মন্ত্রমুগ্ধের মতো কালো সিঁদুর-এর মঞ্চায়ন দেখে যখন ক্লান্ত, তখন হঠাৎ করে বিবেক নামীয় হীরক চরিত্র শেষ সংলাপ দিয়ে দর্শকের মোহ ভাঙানোর চেষ্টা করেন। হীরক বলেন, ‘বেরিয়ে এসেছি—সংসারের করুণ দৃশ্য দেখতে না পেরে বাধ্য হয়ে বাড়ি থেকে বেরিয়ে এসেছি। সারা বিশ্বসংসারের কাছে আজ আমি একটা মূল্যহীন অচল পয়সা। অথচ সংসারের সবাই চায়, এই অচল পয়সাটাকে সম্বল করে বাঁচতে।’পালানির্দেশক বলেন, ‘এ দেশের যাত্রার রয়েছে গৌরবময় ঐতিহ্য। যুগ যুগ ধরে বাঙালি জাতি যাত্রা-সংস্কৃতি মনে ধারণ করে আসছে। এই দলে ভাষা আন্দোলনের ওপর রচিত ভাষার ডাক, বর্ণমালার প্রেম, ঢাকা জ্বলছে, মুক্তিযুদ্ধের রক্তাক্ত একাত্তর, সাত কোটির মুজিব ও ফকির আন্দোলনের ওপর রচিত বিদ্রোহী ফকির মজনু শাহ দর্শকপ্রিয়তা পাচ্ছে।