জমে উঠেছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাই-কৃষ্ণ পদাবলীতে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা
রাই-কৃষ্ণ পদাবলীতে শিবলী মহম্মদ ও শামীম আরা নীপা

বেশ জমে উঠেছে গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব। উৎসবের দ্বিতীয় দিনে দর্শকসমাগম বেড়েছিল, কাল তৃতীয় দিনেও তা ছিল অব্যাহত।
ডলি বসুকে নিয়ে যে আগ্রহ ছিল গত মঙ্গলবার, তা মিটিয়েছেন তিনি। তাঁর নির্দেশনা আর অভিনয়ে ঋদ্ধ আত্মীয়স্বজন নাটকটি দেখার জন্য দর্শকসারি ছিল চোখে পড়ার মতো। নাট্যশালার মূল মিলনায়তনে এ নাটকের মঞ্চায়নের সময় একটি আসনও খালি ছিল না। আয়োজক পর্ষদের আহ্বায়ক গোলাম কুদ্দুছ বলছিলেন, আগের দিন অগ্রিম দুই হাজার টাকার টিকিট কিনে রেখেছেন। একটু রসিকতা করেই বললেন, ‘ভাগ্যিস অগ্রিম কিনে রেখেছিলাম। পরে না পেলে কাছের মানুষের কাছে লজ্জায় পড়ে যেতাম!’
পুরান ঢাকার ওয়ারী এলাকা থেকে স্কুলশিক্ষার্থী নির্ঝরা আইয়ুব এসেছিলেন বাবার সঙ্গে। এসেছিলেন মূলত ‘অপলা রায়’কে (ডলি বসু) দেখতে। গোপীবাগের রিশাদ ফয়সাল এসেছিলেন বাইরের দেশের নতুন নাটক দেখার আগ্রহ নিয়েই। সিদ্ধেশ্বরীর আশিক ইসতিয়াক গতকাল বুধবার এসেছিলেন স্ত্রীর সঙ্গে। জানালেন, প্রতিদিনই আসছেন। বছরের অন্য সময়ে সময় করে নাটক দেখা হয়ে ওঠে না বলেই এবার দুজন মিলে সবগুলো নাটক দেখবেন বলে জানালেন আশিক।
গতকাল জাতীয় নাট্যশালা মিলনায়তনে নৃত্যাঞ্চল পরিবেশন করে রাই-কৃষ্ণ পদাবলী এবং পরীক্ষণ থিয়েটারে আগন্তুক মঞ্চায়ন করে অন্ধকারে মিথেন। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার উৎসব প্রাঙ্গণের উন্মুক্ত মঞ্চে ছিল পথনাটক, আবৃত্তি ও সংগীত পরিবেশনা। এতে গতকাল অংশগ্রহণ করে ইউনিভার্সেল থিয়েটার, কণ্ঠশীলন ও নন্দন।
আজ জাতীয় নাট্যশালা মিলনায়তনে আরণ্যক নাট্যদল পরিবেশন করবে স্বপ্নপথিক এবং পরীক্ষণ থিয়েটারে (বেইলি রোড) মঞ্চায়ন করবে পায়ের আওয়াজ পাওয়া যায়। নাটকের প্রদর্শনী শুরু হবে সন্ধ্যা সাতটায়।
সাংস্কৃতিক আয়োজনে আজ অংশ নেবে মৈত্রী থিয়েটার, কথা আবৃত্তি চর্চাকেন্দ্র ও বহ্নিশিখা।