শাহবাগের গণগ্রন্থাগার প্রাঙ্গণে চলছে ঋতুভিত্তিক বইমেলা। গ্রন্থাগারের কংক্রিটের ছাউনি দেওয়া জায়গাটিতে গ্রীষ্মের এই বই উৎসব উদ্বোধনের প্রথম দিন থেকে দারুণ জমে উঠেছে। চলবে ২৮ জুন পর্যন্ত।
গতকাল বৃহস্পতিবার বিকেলে গ্রীষ্মের বই উৎসবের বইকেন্দ্রিক অনুষ্ঠানমালার অংশ হিসেবে গণগ্রন্থাগার অধিদপ্তরের দ্বিতীয় তলার সেমিনার হলে অনুষ্ঠিত হয় ‘নাটক ও নাট্যসাহিত্যে রবিউল আলম: আলোচনা ও নাটক পাঠ’। এতে সভাপতিত্ব করেন বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ। আলোচনায় অংশ নেন নাট্যজন নাসির উদ্দীন ইউসুফ, কবি আসাদ চৌধুরী, কথাসাহিত্যিক আতা সরকার প্রমুখ। রবিউল আলমের নাটক থেকে পাঠ করেন তপন হাফিজ, সাদিয়া ইসলাম, নাজমুল হাসান, নাসরিন গীতি ও জয়শ্রী সরকার।
আগামী রোববার বিকেল সাড়ে পাঁচটায় গণগ্রন্থাগার অধিদপ্তরের দ্বিতীয় তলার সেমিনার হলে অ্যাডর্ন থেকে প্রকাশিত কাব্যের কবিগণের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে ‘কবিতা ও কবি সম্মিলন’। ২৪ জুন মঙ্গলবার বিকেল সাড়ে পাঁচটায় আয়োজিত হবে ‘প্রথম বই প্রকাশের গল্প: লেখকের, প্রকাশকের’ শিরোনামে ঘরোয়া গল্প বলার অনুষ্ঠান। প্রধান অতিথি থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান।
প্রথমা প্রকাশনসহ সাতটি প্রকাশনী সংস্থা এ মেলায় অংশ নিয়েছে। পাওয়া যাচ্ছে ৩০ থেকে ৫০ শতাংশ ছাড়ে বই। খোলা থাকবে বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত।
মেলায় অংশগ্রহণকারী অন্য প্রকাশনীগুলো হচ্ছে: অনন্যা প্রকাশনী, অনুপম প্রকাশনী, অ্যাডর্ন পাবলিকেশন, কাকলী প্রকাশনী, নিমফিয়া পাবলিকেশন্স এবং সময় প্রকাশন।