জমে উঠেছে চলচ্চিত্র উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবি দেখতে গতকাল দর্শকের দীর্ঘ লাইন। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো
স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উৎসবে ছবি দেখতে গতকাল দর্শকের দীর্ঘ লাইন। শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগার থেকে গতকাল তোলা ছবি l প্রথম আলো

জাতীয় জাদুঘর মিলনায়তনে চলছিল বাংলাদেশি চলচ্চিত্রকার অ্যাডাম দৌলা পরিচালিত চলচ্চিত্র বৈষম্য। ময়লার ঝুড়ি থেকে যে টিনএজার তুলে খাচ্ছিল আধ-খাওয়া বার্গার, তার মুখেই প্রস্ফুটিত বৈষম্যের ছাপ। হলভর্তি দর্শক তন্ময় হয়ে দেখছিলেন ঘর পালানো ধনীপুত্রের বদলে যাওয়া সুবিধাবঞ্চিত জীবনের ছবি। দুটি বিপরীত সমাজের চিত্রে পরিচালক বুঝিয়ে দিয়েছেন, আমাদের ছবিও বাঁক নিচ্ছে।
দর্শক এস এম সুজন ছবি দেখে তাঁর অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘আনন্দ পেলাম ছবিটা দেখে। এমন গল্প নিয়ে ছবি কম হয়। তা ছাড়া কাহিনিবিন্যাস, সিনেমাটোগ্রাফি—সবই চমত্কার।’
সপরিবারে ছবি দেখতে এসেছিলেন সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন মিডিয়া ইনস্টিটিউটের শিক্ষার্থী চৈতালী সমদ্দার। তিনি বানিয়েছেন পাঁচ মিনিটের ছবি পেশেন্স। এতে দর্শকদের সঙ্গে একটি খেলা খেলেছেন চৈতালী, যা ছবি শেষ না হওয়া পর্যন্ত বোঝা যাবে না।
তিনটি জীবন, কিন্তু গল্প একটাই: বিজয়ের পরও শেষ না হওয়া যুদ্ধের গল্প। নীরবতার খাদ থেকে সেই ইতিহাসটাই তাদেরই জবানিতে তুলে আনে ফারজানা ববির প্রথম মুক্ত তথ্যচিত্র বিষকাঁটা। নির্যাতনের বিষকাঁটা এখনো বয়ে চলেছেন চট্টগ্রামের রমা চৌধুরী, খুলনার রণজিতা মণ্ডল ও যশোরের হালিমা খাতুন। মুক্তিযুদ্ধের ইতিহাসের শরীরে বিঁধে আছে নারীর বিরুদ্ধে সহিংসতার বিষ। বাংলাদেশ কি সেই বিষ দূর করে স্বীকৃতি ও সম্মান ফিরিয়ে দিতে পেরেছে? নিজেদের জবানিতে অন্তহীন এই যন্ত্রণার ইতিকথা তুলে ধরেছেন তিন নারী। ৫০ মিনিট দীর্ঘ বিষকাঁটা চলচ্চিত্র এভাবেই হয়ে ওঠে নারীর একাত্তরের দলিল।
আজ দেশে নির্মিত তিনটি ছবির কথা বলা হলো। বাইরে থেকে আসা ছবিগুলো দেখতেও মানুষের ভিড় জমেছে মিলনায়তনগুলোয়। সব মিলিয়ে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র উত্সব এখন জমজমাট। হলভর্তি দর্শক, হলের বাইরে পরবর্তী ছবি দেখার জন্য দর্শকদের সারি সে কথাই প্রমাণ করে।
বশির আহমেদ স্মরণসন্ধ্যা
গতকাল শনিবার সংস্কৃতি বিকাশ কেন্দ্রে সন্ধ্যা পৌনে সাতটায় শুরু হলো বশির আহমেদ স্মরণসন্ধ্যা। কিংবদন্তি শিল্পীর স্মরণ অনুষ্ঠানের আয়োজন করেছে পথিকৃৎ ফাউন্ডেশন ও সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ি।
অনুষ্ঠান শুরু হয় সমবেত সংগীত দিয়ে। দেশের গান ‘আমার খাতার প্রতি পাতায়’ গেয়ে শোনান সাংস্কৃতিক সংগঠন স্বপ্নকুঁড়ির শিল্পীরা।
এ ছাড়া বশির আহমেদের সুর করা নানা গানও গেয়ে শোনান শিল্পীরা।
এ সময় লিয়াকত আলী শিল্পী বশির আহমেদের স্মৃতিচারণা করেন। তিনি বলেন, শিল্পীর প্রতিটা গানে ছিল ভিন্নতা, ছিল দেশ, মাটি ও প্রেমের কথা। বাংলা সিনেমায় শিল্পী বশির আহমেদের অবদান উল্লেখযোগ্য। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছড়াশিল্পী নাসির মাহমুদ, কবি মইনুদ্দিন কাজলসহ বিশিষ্টজনেরা।
মিয়ামি আর্ট ফেয়ারে গ্যালারি কসমস
যুক্তরাষ্ট্রের মিয়ামি বিচ আর্ট ফেয়ার ১৪তে অংশ নিয়েছে বাংলাদেশের কসমস আর্ট গ্যালারি। ২ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই ফেয়ারে বিশ্বের বিভিন্ন দেশের ৫০টি খ্যাতনামা গ্যালারি অংশ নিয়েছে। এটি চলবে ৭ ডিসেম্বর পর্যন্ত।
গ্যালারি কসমসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তারা এই প্রদর্শনীতে শিল্পী মনিকা জাহান বোস, রোকেয়াস সুলতান ও নাজিয়া আন্দালিব প্রিমার শিল্পকর্ম উপস্থাপন করেছে।