জমে উঠেছে জাতীয় চারুকলা প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দারুণ জমে উঠেছে জাতীয় চারুকলা প্রদর্শনী। শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালায় গত ২৮ মে থেকে শুরু হয়েছে ১৯তম এ প্রদর্শনী। প্রতিদিনই প্রচুর শিল্পানুরাগী আসছেন দেশের চারুশিল্পীদের সৃজনসম্ভার দেখতে।বিভিন্ন মাধ্যমের বিচিত্র শিল্পকর্ম স্থান পেয়েছে এবারের প্রদর্শনীতে। শ্রেষ্ঠ পুরস্কার পাওয়া আশরাফুল হাসানের শিল্পকর্ম ‘বৃক্ষমানব, খবরের কাগজ এবং ইট’। বৃক্ষের কাণ্ড ও শিকড়ের সঙ্গে মানবদেহের সমন্বয় ঘটিয়ে কাজটি করা। এর পটভূমিতে আছে কাগজ ও ইটের গাদা।দীপা হক পুরস্কার পাওয়া কামালুদ্দিন তাঁর চিত্রকর্মে সমাজের ব্যথাকে ফুটিয়ে তুলেছেন। অন্য একটি পুরস্কারপ্রাপ্ত চিত্রকর্ম বিশ্বজিৎ গোস্বামীর ‘রূপান্তর এবং শারীরিক অস্তিত্ব-২’। নীল জমিনে বিশ্বজিৎ রেখার প্রয়োগ নিয়ে নিরীক্ষা করেছেন। তাসাদ্দুক হোসেন ও আবুল হোসেন ঢালী পেয়েছেন সম্মান পুরস্কার। স্থাপনা শিল্প ‘পোড়া আত্মার আনন্দ ভ্রমণ’ যেন দুর্যোগের প্রতিরূপ, বন্ধ্য সময়ে আর্তনাদ।অসীম হালদার সাগরের ‘লাইফ ইন দ্য ডার্ক’ শীর্ষক ভিডিও ইনস্টলেশনে নিম্নবর্গের মানুষের হতাশার স্বরূপ তুলে ধরা হয়েছে। নাগরিক জীবনে মাদকাসক্তি কেবল উচ্চবিত্তের কষ্টবিলাসেই আটকে নেই। যে লোকটি সিরিঞ্জের মাধ্যমে প্যাথিডিন নিচ্ছে, একই সময় দেখানো হচ্ছে তার জীবনসংগ্রামও। তৈয়াবা বেগম লিপির শিল্পকর্ম ‘বেদনা’ উল্লেখ করার মতো আরেকটি স্থাপনা। মেঝেতে স্তূপ করে রাখা খবরের কাগজ ও কাঁচি, যার পেছনে ভিডিও প্রদর্শনীতে শিল্পীকে দেশি-বিদেশি নানা পত্রপত্রিকা কেটে স্তূপ তৈরি করতে দেখা যায়। আর খবরের কাগজ কাটতে কাটতে এক সময় নিজেই কাগজের আড়ালে ঢাকা পড়ে যান শিল্পী। সাইদুল হক ‘নরকের ফুল বাগান’ শিরোনামের স্থাপনাটিতে কাপড় ও কাগজের মণ্ডের সঙ্গে বাহারি রঙের সম্মিলনে তৈরি করেছেন অজস্র হাত। ফুল ছড়ানো বিছানায় রাখা হাতের মাঝখানে মানব-মানবীর আলিঙ্গনাবদ্ধ অবস্থা প্রেমানুভূতি জাগায়। তবে একজনের হাতে লুকিয়ে থাকা ছুরি দেখার পর বিষয়টিকে শিল্পী নরকতুল্য বিবেচনা করেন, তা বুঝতে অসুবিধা হয় না। বেশির ভাগ ক্যানভাস মাঝারি ও বড় আকারের। প্রাধান্য পেয়েছে মানুষের দেহাবয়ব। নানা বিষয় ও নানা আঙ্গিকের বিপুল সমাহার। তাতে আছে ব্যক্তিক সৃজনশীলতা, আত্মকথন, আনন্দ-বেদনা, চমৎকার বর্ণলেপন ও বর্ণচক্র, বিষয়ভিত্তিক টেক্সচার। প্রদর্শনী চলবে ১৭ জুলাই পর্যন্ত।