জমে উঠেছে নাট্যোৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন উৎ​সবের তৃতীয় দিনে গতকাল মঞ্চস্থ ​ইতি পত্রমিতা নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো
পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ঢাকা থিয়েটারের আয়োজনে সেলিম আল দীন উৎ​সবের তৃতীয় দিনে গতকাল মঞ্চস্থ ​ইতি পত্রমিতা নাটকের একটি দৃশ্য l ছবি: প্রথম আলো

জাহান আলী রিংকু লম্বা বলে লম্বু রিংকু আর গোলাম মোস্তফা রিংকু খাটো বলে বাইট্টা রিংকু। দুজনে একই বাসায় থাকে, দুটি মেয়ের সঙ্গে পত্রমিতালি করে প্রেম করে। লম্বু রিংকুর পত্রমিতার নাম পিংকু আর বাইট্টা রিংকুর পত্রমিতার নাম টিংকু। এই নিয়ে ভুল-বোঝাবুঝিই এই নাটকের মূলে। গতকাল শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে এ নাটকটি মঞ্চস্থ হয়।
শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে জমে উঠেছে ঢাকা থিয়েটারের সেলিম আল দীন উৎসব। সেলিম আল দীনের চার নাটক নির্দেশনা দিয়েছেন পাঁচ নির্দেশক। গতকাল ছিল উৎসবের তৃতীয় দিন। রোববার সন্ধ্যায় মঞ্চায়িত হয় সেলিম আল দীনের ইতি পত্রমিতা নাটকটি। নির্দেশনা দিয়েছেন রুবাইয়াৎ আহমেদ। এটি ঢাকা থিয়েটারের ৪২তম প্রযোজনা।
সামান্য ভুল থেকে নির্মল হাস্যরসের উদ্ভব হয় নাটকে। দর্শকেরা মিলনায়তনে ঢুকছেন এবং নির্মল-নির্ভার আনন্দ নিয়ে বেরিয়ে গেছেন। নাটকের নির্দেশক রুবাইয়াৎ আহমেদ বলেন, ‘তুচ্ছ বিষয়ও শক্তিমান লেখকের হাতে কীভাবে উপভোগ্য হয়ে ওঠে এই নাট্ক তারই নিদর্শন। নাটকটি উপস্থাপনের ক্ষেত্রে বাংলার ঐতিহ্যবাহী সঙপালা ও ইউরোপীয় কমেডিয়া দেল আর্তের মিশ্রণ ঘটিয়েছি। সেই সঙ্গে মঞ্চনাট্যরূপে সমকালীন চলতি অনুষঙ্গ, বিষয় ও ভাষাভঙ্গির অভিজ্ঞানও যুক্ত হয়েছে।’
আজ ১ ডিসেম্বর শেষ দিন মঞ্চায়িত হবে সেলিম আল দীনের গীতিনৃত্যনাট্য উষাউৎসব নাটকটি। সামিউন জাহানের নির্দেশনায় এটি ঢাকা থিয়েটারের ৪৩তম প্রযোজনা। নির্দেশক বলেন, ‘সেলিম আল দীন পুরাণকে অবলম্বন করে এই বিশ্বভুবনের মঙ্গলকামনাই যেন করেছেন এই নাটকে। আমিও নির্দেশনায় সেই ভাবটি রেখেছি। নৃত্যকে অবলম্বন করে নাট্যকে প্রধান করা হয়েছে।’
প্রসঙ্গত, উৎসবের উদ্বোধনী দিনে মঞ্চস্থ হয় এষা ইউসুফের নির্দেশনায় নাটক গল্প নিয়ে গল্প। পরদিন শনিবার মঞ্চস্থ হয় ওয়াসিম আহমেদ ও সাজ্জাদ রাজীবের যৌথ নির্দেশনায় নাটক অমৃত উপাখ্যান।