
প্রথম জাতীয় নৃত্যনাট্য উৎসবের দ্বিতীয় দিনে মঞ্চস্থ হলো তিনটি নৃত্যনাট্য। একসঙ্গে এতগুলো নৃত্যনাট্য দেখার সুযোগ এবারই প্রথম পাওয়া গেল। সেদিক থেকে বিবেচনা করলে এরই মধ্যে সফল এ আয়োজন।
প্রথমে ছিল এনামুল হকের পরিচালনায় রঙ্গিলা নায়ের মাঝি। পরিবেশন করে খুলনার আব্বাস উদ্দীন একাডেমি। নদীতীরবর্তী গ্রাম সোনাহাটির কদম মাঝি আর পারুলের ভালোবাসার গল্প নিয়েই এর কাহিনি। খরা আর জলোচ্ছ্বাসের মধ্য দিয়ে তাদের প্রেম, পরিণয় ও পরিসমাপ্তি। নৃত্যনাট্যে ব্যবহৃত সবগুলোই আব্বাসউদ্দীনের ভাটিয়ালি গান।
নৃত্যনাট্য শেষে পর্যালোচনা করেন নৃত্যশিল্পী লায়লা হাসান।
এরপর ছিল জাগো আর্ট সেন্টার পরিবেশিত সামান্য ক্ষতি। গওহর জামিলের পরিচালনায় রবীন্দ্রনাথ ঠাকুরের ‘সামান্য ক্ষতি’ কবিতা অবলম্বনে রচিত হয়েছে এটি। কাশীর রানি মাঘ মাসে সখিদের নিয়ে স্নান করতে যান। পরে শীত লাগলে রানি শীত তাড়াতে গ্রাম জ্বালিয়ে দেন। তাঁর কাছে গ্রামবাসীর এ ক্ষতি ‘সামান্য’। গ্রামবাসী কাশীরাজের কাছে ন্যায় চাইলে রাজা রানিকে প্রাসাদছাড়া করেন। শর্ত দেন, গ্রামবাসীর ‘সামান্য ক্ষতি’টুকু পূরণ করে রাজপ্রাসাদে ফেরা যাবে।
সামান্য ক্ষতির পর্যালোচনা করেছেন নৃত্যশিল্পী তবাসসুম আহমেদ।
এরপর পরিবেশিত হয় গুনাই বিবি। ঝংকার ললিতকলা একাডেমি পরিবেশিত এ নৃত্যনাট্য পরিচালনা করেন আবুল কাশেম।
বাংলাদেশের দক্ষিণাঞ্চলের এক বাস্তব ঘটনা থেকে নৃত্যনাট্য গুনাই বিবি। বাবা মারা গেলে যে চাচার হাতে তুলে দেওয়া হয় তোতাকে, সে-ই হয়ে দাঁড়ায় তোতার শত্রু। তোতা গুনাইকে ভালোবাসে। কিন্তু তার দিকেই নজর পড়ে চাচার। এরপর প্রেম-বিরহ। অবশেষে দুই প্রেমিক যুগলের মিলন হয়।
বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও শিল্পকলা একাডেমীর আয়োজনে শিল্পকলা একাডেমীর নাট্যশালা মিলনায়তনে উৎসব চলবে ৩১ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে তিনটি করে নৃত্যনাট্য পরিবেশিত হবে।