
বিকেলবেলা শাহবাগের কেন্দ্রীয় গণগ্রন্থাগারের ভেতরে অনেক লোকজন। তারা বই দেখছিলেন। ১ মে সেখানে শুরু হয়েছে প্রথমার শাহবাগ বইমেলা। ১০ দিনের এ মেলার গতকাল ছিল পঞ্চম দিন।
মেলায় ভিড় ঠেলে একজন দর্শনার্থীকে বলতে শোনা গেল, আনোয়ার উল আলমের রক্ষীবাহিনীর সত্য-মিথ্যা বইয়ের কমিশনটা একটু বাড়িয়ে দেওয়া যাবে? একজন সেলসম্যান ভেতর থেকে তাঁদেরই আরেকজনকে জিজ্ঞেস করলেন, ভারতের দেবেশ রায়ের গল্প-১ আছে, নাকি শেষ?
প্রথমার বই বেশি কিনছেন সবাই। তবে ভারতের বইগুলোও খারাপ চলছে না। মেলায় ২৫ থেকে ৬০ শতাংশ কমিশনে বই পাওয়া যাচ্ছে। ভারতের বইগুলো নতুন-পুরোনো ভেদে ১ রুপি সমান ১ দশমিক ৮ টাকা, ১ দশমিক ৩ টাকা ও ১ টাকায় পাওয়া যাচ্ছে। এ সুযোগ পাঠকেরা ছাড়ছেন না।
রূপালী ব্যাংকের সিনিয়র অফিসার সাব্বির জানালেন, বইমেলাটা সারা বছর হওয়া দরকার। পাঠক যখন খুশি সেখান থেকে বই কিনবে। হোম ইকোনমিকস কলেজের প্রিন্সিপাল শামসুন নাহার একুশে বইমেলায় যেতে পারেননি। এবার এসেছেন প্রথমার বইমেলায়। ব্যাগ খুলে দেখালেন তাঁর সদ্য কেনা বইগুলো—পৃথিবীর পাঠশালা সিরিজের তিমি, প্রজাপতি এবং ছোট্ট পিডিয়া সিরিজের পাখি, ফুল ও গাছ বইগুলো। তিনি বললেন, ছবিগুলো খুব সুন্দর। বাচ্চাদের ভালো লাগবে।
এই মেলার দর্শনার্থীরা খুঁজছিলেন ফেব্রুয়ারির একুশে বইমেলায় প্রকাশিত বইগুলোও। বিক্রেতারা তাঁদের জানিয়ে দিলেন, ‘আমরা সারা বছর বই করি। কদিন আগেই প্রকাশিত হয়েছে নতুন তিনটি বই। পাঠকের ঔৎসুক্য মিটিয়ে বিক্রেতা কাগজ দেখে বললেন, ফারুক আজিজ খানের বসন্ত ১৯৭১: মুজিবনগর সরকারের কেন্দ্র থেকে দেখা মুক্তিযুদ্ধ, মতিউর রহমান সম্পাদিত সম্মুখযুদ্ধ ১৯৭১: মুক্তিযোদ্ধাদের কলমে এবং মতিউর রহমানের খাপড়া ওয়ার্ড হত্যাকাণ্ড ১৯৫০। প্রথমা প্রকাশনের প্রধান সমন্বয়কারী জাফর আহমদ জানালেন, দুই বছর ধরে আমরা শাহবাগে বছরে দুটি করে বইমেলা করে আসছি। এ বছরের পরের মেলাটি হবে নভেম্বরে।
৯ মে পর্যন্ত প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা থেকে বই কেনা যাবে। আয়োজকদের প্রত্যাশা, সামনে ঢাকার মতিঝিল, মিরপুর, উত্তরা ও নারায়ণগঞ্জে এ মেলাটি করার।