জমে উঠেছে বটতলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় বটতলা নাট্যোৎসবে গতকাল কুহকজাল নাটক মঞ্চায়নের পর সম্মাননা জানানো হয় বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারকে l প্রথম আলো
জাতীয় নাট্যশালায় বটতলা নাট্যোৎসবে গতকাল কুহকজাল নাটক মঞ্চায়নের পর সম্মাননা জানানো হয় বরেণ্য অভিনয়শিল্পী ফেরদৌসী মজুমদারকে l প্রথম আলো

শীত আসেনি। তবে হালকা হলেও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শীতের বার্তা বয়ে বেড়াচ্ছিল জাতীয় নাট্যশালার সামনে খোলা চত্বরে। কর্মচঞ্চল মূল প্রবেশপথে উৎসবের ঘ্রাণ। সিঁড়ির একপাশে টেবিল সাজিয়ে তথ্যকেন্দ্র সামলাচ্ছেন দুজন কর্মী। ওপরে উঠতে বিশাল বিশাল ব্যানারে নাটকের সূচি, আলোকচিত্র, নানা সজ্জা। বটতলা রঙ্গমেলার উৎসবমুখর পরিবেশ যেন জানান দিচ্ছে, ঢাকার নাট্যাঙ্গন জমজমাট করার জন্য শীতের অপেক্ষায় থাকতে হয় না।
‘ছড়াই স্বপ্নবীজ আকাশতলে’ স্লোগান নিয়ে ২৪ অক্টোবর থেকে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালায় চলছে ‘বটতলা রঙ্গমেলা ২০১৪’।
শুরুর দিন থেকে প্রতিদিন অনেক দর্শকের উপস্থিতিতে মঞ্চস্থ হচ্ছে ২০১৪ সালের বিভিন্ন দলের নতুন নাটক এবং বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন। গতকাল সোমবার উৎসবের চতুর্থ দিন সন্ধ্যা সাতটায় মঞ্চস্থ হয় থিয়েটারের নাটক কুহকজাল। মাসুম রেজার লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন ত্রপা মজুমদার। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌসী মজুমদার, রামেন্দু মজুমদার, তানভীর আহমেদ, তোফা হোসেন, কল্যাণ চৌধুরী, রাশেদ শাওন, জোয়ারদার সাইফ, তামান্না ইসলাম, সামিয়া মহসীন, গুলশান আরা, আবদুল কুদ্দুস, সফিউর রহমান প্রমুখ। গতকাল নাটক শেষে থিয়েটারের নির্দেশক ও নাট্যকর্মীদের উত্তরীয় ও ‘বটতলা রঙ্গমেলা ২০১৪’-এর শুভেচ্ছা স্মারক প্রদান করেন অভিনেত্রী ও নির্দেশক ইশরাত নিশাত। এরপর কিংবদন্তি অভিনেত্রী ফেরদৌসী মজুমদারকে বটতলার পক্ষ থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। দর্শকের সারি থেকে বটতলার কর্মীদের হাতে হাতে স্মারক এসে পৌঁছায় বটতলার প্রধান নির্বাহী মিজানুর রহমানের হাতে। তিনি স্মারক তুলে দেন ফেরদৌসী মজুমদারকে। এরপর প্রতিদিনের মতো নির্দেশকের নির্দিষ্ট স্থান ‘রঙ্গ আড্ডা’য় হাজির হন নির্দেশক ত্রপা মজুমদার ও নির্দেশক মাসুম রেজা। দর্শকদের সঙ্গে আড্ডায় মেতে ওঠেন তাঁরা। এর আগে বিকেল সাড়ে পাঁচটায় নাট্যশালার বহিরাঙ্গনে ছিল ঋতু সাত্তারের পারফরম্যান্স আর্ট।
আজ মঙ্গলবার পঞ্চম দিন জাতীয় নাট্যশালায় সন্ধ্যা সাতটায় হবে থিয়েটার আর্ট ইউনিটের নাটক না-মানুষি জমিন। নির্দেশনা দিয়েছেন সাইফ সুমন। বহিরাঙ্গনে সন্ধ্যা ছয়টায় থাকছে বটতলার আয়োজনে পথনাটক জতুগৃহ। ৩১ অক্টোবর পর্যন্ত চলবে এই নাট্যোৎসব।