জমে উঠেছে শিশুদের বইমেলা
শেষবেলার আলোকরশ্মি তখন গাছের চূড়ায়। ছোটদের আকৃষ্ট করার মতো নানা রঙের ছবিসংবলিত ব্যানার শোভা পাচ্ছে চত্বরজুড়ে। বাবা-মায়ের হাত ধরে এক এক করে শিশুরা ঢুকছে মেলা প্রাঙ্গণে। মেলায় ঢুকেই শিশুদের অনেকে বাবা-মায়ের হাত ছেড়ে দৌড়ঝাঁপ শুরু করে দিচ্ছে, কেউ কেউ অন্য শিশুর সঙ্গে গল্পে মেতে উঠছে। বাংলাদেশ শিশু একাডেমীর নিজস্ব চত্বরে প্রতিদিন বিকেলে এখন খুদে পাঠকের সমাবেশে এভাবেই উৎসবমুখর হয়ে উঠছে মেলার পরিবেশ।মেলায় রূপকথার গল্প, বৈজ্ঞানিক কল্পকাহিনী, ছড়া ও কৌতুকের বই-ই বেশি বিক্রি হচ্ছে বলে জানালেন শিশু একাডেমীর নিজস্ব স্টলের বিক্রয় প্রতিনিধি লুৎফর নাহার।মেলার মঞ্চে প্রতিদিন থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। গতকাল কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশন করে শিশু সংগঠন সন্ধান লিটল থিয়েটার ও প্রভাতী শিশু মেলা। শেষে একাডেমী মিলনায়তনে প্রদর্শিত হয় মান্নান হীরা পরিচালিত শিশুতোষ মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গরম ভাতের গল্প। মেলা চলবে ২৬ মার্চ পর্যন্ত। বেলা তিনটা থেকে রাত নয়টা। তবে ছুটির দিন মেলা বেলা ১১টা থেকে খোলা থাকবে।কুমিল্লায় বইমেলা নিজস্ব প্রতিবেদক কুমিল্লা জানান, ‘বই ব্যক্তিকে আনন্দ, সমাজকে আলো আর দেশকে দেয় সমৃদ্ধি’—এই স্লোগান নিয়ে কুমিল্লায় গতকাল সোমবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী জেলা বইমেলা। বিকেলে কুমিল্লা টাউন হল মাঠে মেলার উদ্বোধন করেন কুমিল্লা জেলা প্রশাসক রেজাউল আহসান। মেলায় ছোট-বড় মিলিয়ে ২০টি স্টল রয়েছে।কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার ভৌমিক। উদ্বোধনী অনুষ্ঠানে আরও বক্তব্য দেন পুলিশ সুপার মোখলেছুর রহমান। পরে এক সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। মেলা চলবে ২৭ মার্চ পর্যন্ত।বেঙ্গলে যৌথ প্রদর্শনীবেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের দশম বর্ষপূর্তি উপলক্ষে বছরব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আজ মঙ্গলবার ১০ জন শিল্পীর ‘সৃজনে ও শেকড়ে-৯’ শীর্ষক চিত্রকলা প্রদর্শনী শুরু হবে। সন্ধ্যা ছয়টায় ১০ দিনব্যাপী এই প্রদর্শনীর উদ্বোধন করবেন অধ্যাপক রেহমান সোবহান। বিশেষ অতিথি থাকবেন শিল্পী মনিরুল ইসলাম। এই প্রদর্শনী উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বেঙ্গল শিল্পালয়ে প্রদর্শনীর সংবাদ সম্মেলন ও প্রেস প্রিভিউ অনুষ্ঠিত হয়। এতে ভারতের প্রখ্যাত শিল্পসমালোচক প্রণব রঞ্জন রায় তাঁর সমকালীন শিল্পীদের সঙ্গে বর্তমান সময়ের শিল্পীদের কাজের পরিবর্তন নিয়ে কথা বলেন। এ সময় প্রদর্শনীতে অংশগ্রহণকারী শিল্পী নাজলী লায়লা মনসুর, নজীব মোহাম্মদ, রেজাউন নবী, মোখলেসুর রহমান, কাজী সালাহউদ্দিন আহমেদ, আমিরুল মোমেনীন চৌধুরী, তৈয়বা বেগম, গোলাম রব্বানী এবং বেঙ্গল গ্যালারি অব ফাইন আর্টসের পরিচালক সুবীর চৌধুরী উপস্থিত ছিলেন। প্রদর্শনীতে শিল্পকর্মের সংখ্যা ৪০টি। খোলা থাকবে ৩১ মার্চ পর্যন্ত।