জমে উঠেছে সুলতান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নড়াইলে জমে উঠেছে সুলতান উৎসব। স্থানীয় সরকারি ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ চত্বরে এস এম সুলতান শিশু চারু ও কারুকলা ফাউন্ডেশন, বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ৮৭তম জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষে গত শুক্রবার থেকে তিন দিনব্যাপী মেলা ও উৎসবের আয়োজন করছে। মেলায় কুটিরশিল্পসহ রকমারি কারুপণ্যের ৪০টি দোকানি তাঁদের পসরা সাজিয়ে বসেছেন। তিল ধারণের ঠাঁই নেই মেলা চত্বরে।গতকাল শনিবার চিত্র ও আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধনসহ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ বিমান ডিসি-১০-এর ফ্লাইট কমান্ডার ও আরিয়ানা স্টাইল লিমিটেডের প্রধান নির্বাহী ক্যাপ্টেন (অব.) মোস্তফা জগলুল ওয়াহিদ। সুবাস বিশ্বাসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ মো. আবু দাউদ, অতিরিক্ত জেলা প্রশাসক হাওলাদার মো. রকীবুল বারী, পৌর মেয়র জুলফিকার আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহ্বায়ক মলয় কুণ্ডু প্রমুখ। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তিন দিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দেশের বিভিন্ন চিত্রশিল্পীদের অংশগ্রহণে আর্ট ক্যাম্প, চিত্র প্রদর্শনী, শোভাযাত্রা, মহিলা ও পুরুষদের নৌকাবাইচ প্রতিযোগিতা, আলোচনা সভা, সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান।