জয় শাহরিয়ারের সিঙ্গেল ‘ছুতো’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে এই প্রজন্মের সংগীতশিল্পী জয় শাহরিয়ারের নতুন একক গান ‘ছুতো’। বিশ্বব্যাপী ডিজিটাল ফরম্যাটে গানটি প্রকাশ পাবে। সংগীতপ্রেমীরা আই টিউনস, অ্যামাজন, স্পাটিফাই, র্যাপসডি, ব্যান্ড ক্যাম্প, গুগল প্লে-সহ বিশ্বখ্যাত সব মিউজিক পোর্টালে গানটি শুনতে ও কিনতে পারবেন শ্রোতারা। কিনতে খরচ পড়বে ৯৯ সেন্টস। এ ছাড়া যে কেউ qineticmusic.com থেকে ৯৯ সেন্টস ও বাংলাদেশ থেকে যেকোনো মাস্টার, ডেবিট কার্ড, ব্র্যাক ব্যাংক ও ডাচ-বাংলার কার্ড দিয়ে মাত্র ১৫ টাকায় একক গানটি কিনতে পারবেন। ডিজিটাল পদ্ধতি ও সিঙ্গেল প্রকাশের কারণ জানতে চাইলে জয় শাহরিয়ার বলেন, ‘বিশ্বব্যাপী অডিও ইন্ডাস্ট্রি এখন “সিঙ্গেল”মুখী। পশ্চিমা বিশ্বে পুরো স্টুডিও অ্যালবাম প্রকাশের আগে এক বা একাধিক সিঙ্গেল প্রকাশ করার নিয়ম অনেক আগে থেকেই চালু রয়েছে। আর অডিও পাইরেসির এই যুগে ডিজিটাল ফরম্যাটে গান রিলিজটা সময়ের দাবি। এ সময়ের একজন শিল্পী হিসেবে পুরো বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে দেশের মিউজিক এগিয়ে নিয়ে যাওয়াটা আমার ও আমাদের দায়িত্ব।’‘ছুতো’ সিঙ্গেলটি ১২ জুলাই থেকে রেডিও ফুর্তিতে শুনতে পারবেন শ্রোতারা। আজব রেকর্ডস থেকে প্রকাশিত এই সিঙ্গেলটির পার্টনার হিসেবে আছে কাইনেটিক মিউজিক, রেডিও ফুর্তি, এম.ই লেবেল ও স্বপ্নবাজ।