
৩০ ডিসেম্বর ২০১৪। কেন্দ্রীয় গণগ্রন্থাগারের মিলনায়তন কানায় কানায় পূর্ণ। নাটক অন্তপ্রাণ মান্নান হীরা আমন্ত্রণ জানিয়েছেন। মঞ্চ আর পথনাটকের বাইরে এবার তিনি তৈরি করেছেন সিনেমা, নাম একাত্তরের ক্ষুদিরাম। জেনেবুঝেই যে তিনি ভালো গল্প সুন্দরভাবে উপস্থাপন করবেন, এ আশা আমার ছিল। তিনি যে একাত্তরের গল্প বলবেন এবং সেখানে বিপ্লবী ক্ষুদিরাম বসুর সঙ্গে তুলনা করবেন, সে কথা তো ছবির নামেই বলেছেন। নাটকীয়ভাবে গল্প বলার তুখোড় এই শিল্পী কীভাবে তা করেন, আমি সেই অপেক্ষায়। সুন্দরভাবে চলচ্চিত্রের ভাষায় তিনি গল্প শুরু করলেন। ফিল্মি তুলির দুই আঁচড়ে সাঁই সাঁই করে একে ফেললেন দুখানা ছবি। ১৯০৮ সালের ব্রিটিশবিরোধী বিপ্লবী ক্ষুদিরাম এবং ১৯৭১ সালের পাকিস্তানকে।
মান্নান হীরা একাই গীতিকার, গল্পকার, চিত্রনাট্য, সংলাপ ও পরিচালনা সবকিছু করেছেন। গল্পটা এ রকম; পণ্ডিত স্যার খোকন ব্যানার্জি ছোট-বড় সবার খোকনদা। ক্ষুদিরাম নামেও তিনি একইভাবে প্রিয়। নাটকপাগল মানুষ। অসাধারণ অভিনেতা। তাঁর স্কুলের বার্ষিক নাটকে ছাত্রছাত্রীদের নিয়ে ‘শহীদ ক্ষুদিরাম’ নাটক করে আসছেন। ক্ষুদিরামের নামে নিজে গভীরভাবে শ্রদ্ধাবনত। ছাত্রছাত্রীদের মাঝে দেশপ্রেম জাগানোর জন্য ‘শহীদ ক্ষুদিরাম’ নাটকই আদর্শতম বলে তিনি মনে করেন। পর পর ২১ বছর তিনি এ নাটক করেছেন। ১৯৭১ সালের শুরুতে বহু গুণ উৎসাহে তিনি মহড়া করছেন। দেশে তখন মুক্তির দামামা বেজে উঠেছে। বৃদ্ধ ক্ষুদিরামের ছাত্ররা দল বেঁধে চিৎকার করে স্লোগান দিচ্ছে, ‘জয় বাংলা’, ‘তোমার আমার ঠিকানা-পদ্মা মেঘনা যমুনা’, ‘বীর বাঙালি অস্ত্র ধরো-বাংলাদেশ স্বাধীন করো’।
এই পরিস্থিতিতে ঘোর সাম্প্রদায়িক, বাংলাদেশের স্বাধীনতাবিরোধী কিছু মানুষ পিশাচের মতো অত্যাচারী হয়ে উঠল। স্কুলের উর্দুর শিক্ষক হাফিজুর রহমান ‘কায়েদে আজম’কে নিয়ে উর্দু ভাষায় নাটক লিখেছেন। প্রধান শিক্ষকের কক্ষে কুৎসিত ভাষায় পণ্ডিত স্যারকে গালাগাল করলেন। ‘শহীদ ক্ষুদিরাম’ নাটকের বদলে তাঁর লেখা উর্দু নাটক করতে বাধ্য করতে চাইলেন। কিন্তু বৃদ্ধ ক্ষুদিরামের মেরুদণ্ড নিদারুণ শক্ত। মৃত্যুর হুমকি উপেক্ষা করে উর্দুতে লেখা পাণ্ডুলিপি ছুড়ে ফেলে দিলেন। এ সময় বৃদ্ধ ক্ষুদিরামের ভূমিকায় ফজলুর রহমান বাবুর চমৎকার অভিনয় আর প্রধান শিক্ষকের ভূমিকায় মামুনুর রশীদের অতুলনীয় চরিত্র চিত্রণ এবং পরিচালক মান্নান হীরার তা চলচ্চিত্রের ভাষায় অসাধারণ করে তুলে ধরার দৃশ্যটি ভোলার নয়।
গল্প ছুটতে থাকে বুলেটের গতিতে। শিশু-কিশোরদের জন্য তৈরি করতে গিয়ে মুক্তিযুদ্ধের অনেক কথাই সরল করে বলতে হয়েছে। অথচ বড়রাও টানটান উত্তেজনা নিয়ে ছবিটি দেখেছেন। এর মধ্যে ছোট ছোট হাসির অনুগল্প দর্শকদের হাসিয়েছে। কান্নার অনুভূতিতে অনেকেই চশমা খুলে বারবার চোখ মুছেছেন। ক্রোধে-ঘৃণায় কতবার যে ক্ষিপ্ত হয়েছেন! পৈশাচিক অত্যাচারে পাগলপ্রায় বাঙালির ক্ষোভের বেলুন ফুলতে ফুলতে বিশাল হয়ে উঠতে থাকে। অবশেষে চূড়ান্ত ক্লাইমেক্স। সেকেন্ডের মধ্যে সেই সুবিশাল ক্রোধের বেলুন ফেটে যাওয়ার ভয়াবহ দৃশ্য।
১৯০৮ সালের ক্ষুদিরামের বিপরীত ঘটনা ঘটিয়ে ফেলে ১৯৭১ সালের কিশোর ক্ষুদিরামেরা। হলভর্তি দর্শক বিশাল উল্লাসে ফেটে পড়েন। সে দৃশ্য উপভোগ করতে হলে প্রেক্ষাগৃহে যাওয়া ছাড়া উপায় নেই।
শো শেষ। বুক ঢিপঢিপ করা এক অবর্ণনীয় তৃপ্তি নিয়ে হল থেকে বের হলাম। মনের পর্দায় তখনো অনুরণন চলছে। ছবির অনেকগুলো সংলাপ মনের মধ্যে খেলা করছিল। দোদুল্যমান চিত্তের প্রধান শিক্ষক নিঃশব্দে দেয়াল থেকে কায়েদে আজমের ছবি নামালেন। ক্ষোভে-ঘৃণায় মেঝেতে আছাড় মেরে ভেঙে ফেললেন। হলভর্তি দর্শক চিৎকার করে হাততালি দিয়ে উঠলেন।
সুজেয় শ্যামের সংগীত পরিচালনার তুলনা হয় না। যেমন আবহসংগীত, তেমনি তাঁর গান। বিশেষ করে মহড়াকক্ষে শুধু হারমোনিয়াম আর তবলাসংগতে শিমুল খানের কণ্ঠে গাওয়া ‘পতি নয় গো পিতাও নয় গো’ গানটা চোখে পানি এনে দিল।
ক্যামেরায় মাহফুজুর রহমান খান থাকলে গল্প বলতে পরিচালককে যে বেশি বেগ পেতে হয় না, তা আবারও প্রমাণিত হলো।
প্রায় সবাই ভালো অভিনয় করেছেন। ত্রুটিহীন ছবি বানানো অসম্ভব কাজ। তাই সেসব ছোটখাটো প্রসঙ্গে না-ই গেলাম। বড় কথা হলো ছবিটি শুরু হওয়ার পর পর্দা থেকে একবারের জন্যও চোখ ফেরানোর উপায় থাকে না। জয়তু ‘একাত্তরের ক্ষুদিরাম’।