জয়তু লক্ষ্যাপার
আজীবন সম্মাননা প্রদান শেষে উপস্থাপক যখন মাইক্রোফোন তুলে দিলেন তাঁর কম্পমান হাতে, তখন যে দৃশ্য দেখলেন উপস্থিত প্রায় পাঁচ শ শ্রোতা, সেখানেই সার্থকতা লাভ করে এমন একটি আয়োজন। ৬৫ বছরের দীর্ঘকায় গৌরবর্ণ সুপুরুষ ওস্তাদ রবিউল হোসেন তখন চোখের জলে ভাসছেন, আবেগে বাষ্পরুদ্ধ কণ্ঠ। কথা বলতে পারলেন না কয়েক মিনিট। তাঁর আবেগ সঞ্চারিত হয়ে সিক্ত করে তুলেছে সারা মিলনায়তন। ভারী নৈঃশব্দের ভেতর যখন তাঁর আবেগে রুদ্ধ কণ্ঠ দিয়ে শব্দ বেরোল তখন শোনা গেল, ‘আমার আবার নতুন করে জন্মাতে ইচ্ছে করছে। নতুন করে রেওয়াজে বসতে ইচ্ছে করছে। নতুন উদ্যমে গান শেখানোর ইচ্ছা জাগছে। না-হয় লক্ষ্যাপারের এই সম্মানের প্রতিদান আমি দেব কী করে? যে সম্মানের যোগ্য আমি নই সে সম্মান আমি পেলাম! আমার দায়িত্ব বাড়িয়ে দিয়েছেন আপনারা। ভেবেছিলাম নিরাশায় শেষ হয়ে যাব। লক্ষ্যাপারের সম্মিলনের ব্যাপ্তি এবং গভীরতা দেখে আমি বাংলাদেশে শাস্ত্রীয় সংগীতের ভবিষ্যৎ নিয়ে নতুন করে আশাবাদী হয়ে উঠছি। আমি কোনো দিন ভুলব না এই সন্ধ্যার কথা।’শাস্ত্রীয় সংগীত সম্মিলন বলতে আসলে কী বোঝায় তার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হলো লক্ষ্যাপারের দুই দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে। সংগীত শিক্ষার সেকাল-একাল বিষয়ে গোলটেবিল, উপমহাদেশীয় তাল-বাদ্যের ভাব-বৈচিত্র্য নিয়ে তবলা-পাখোয়াজ-ঢোল-মৃদঙ্গ-হাতবায়াবাদকদের প্রায়োগিক আলোচনা, স্কুল-কলেজ পর্যায়ে শাস্ত্রীয় সংগীত প্রতিযোগিতা, ধ্রুপদ-খেয়াল গানে রাগ রূপায়ণ বিষয়ে ডেমন্সট্রেশন লেকচার এবং সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত একটানা ১১ জন শিল্পীর কণ্ঠ ও যন্ত্রমাধ্যমে শাস্ত্রীয় সংগীত পরিবেশন—সব মিলিয়ে বিশাল এক কর্মযজ্ঞে দুই দিন মুখরিত হয়ে রইল নারায়ণগঞ্জ ক্লাবের কনভেনশন সেন্টার। অথচ এর পেছনে কোনো বিশেষ বড় ধরনের ‘স্পনসর’ নেই। তবুও কীভাবে এত বড় আয়োজন সম্ভব তার উত্তর মেলে উদ্বোধনকালে সংগঠনের প্রধান উপদেষ্টা কাসেম জামালের বক্তব্যে। তিনি বলেন, ‘লক্ষ্যাপার শুধু এক রাতের বিনোদনের জন্য কাজ করছে না। আমরা শাস্ত্রীয় সংগীত চর্চার প্রসারকে একটি আন্দোলন হিসেবে নিয়েছি। উপমহাদেশীয় সাংস্কৃতিক ঐতিহ্যের সর্বোৎকৃষ্ট উপাদান এই শাস্ত্রীয় সংগীতের সঙ্গে আমাদের পরবর্তী প্রজন্মকে যুক্ত করতে চাই। শাস্ত্রীয় সংগীতচর্চার মাধ্যমে আমরা একটি সুস্থ বিনোদনমুখী গভীরতাসম্পন্ন ভবিষ্যৎ প্রজন্ম গড়তে চাই।’শাস্ত্রীয় সংগীত মানুষের মনের কতখানি গভীরে প্রবেশ করে তার ধারণা পাওয়া যায় গজলখ্যাত শিল্পী শেখ জসীমের কথায়, যিনি প্রতিবছরই ঢাকা থেকে সপরিবারে গিয়ে রাতব্যাপী উপভোগ করেন এই আয়োজন। সুপ্রতীক সেনগুপ্তের সেতারবাদন শেষে তিনি বলছিলেন, ‘আমার জীবনের সব ব্যথা দূর করে দিল কৌশিকী কানাড়া রাগের এই পরিবেশনা।’ এমনই অনুভূতি সৃষ্টি করেছে এবারের প্রায় সব শিল্পীর পরিবেশনা। কলকাতা থেকে আসা তবলার বিপ্লব ভট্টাচার্য আর সরোদের কল্যাণ মুখোপাধ্যায়, এঁরা তো ভালো করবেন এটাই স্বাভাবিক। তবে সবচেয়ে বড় আশার কথা হলো বাংলাদেশের শিল্পীদের ভালো করাটা। বিশেষ করে বলতে হয় চার তরুণ শিল্পীর কথা। কণ্ঠে প্রিয়াংকা গোপ এবং রেজওয়ানুল হক, বাঁশিতে মৃত্যুঞ্জয় দাস এবং তবলায় সবুজ আহমেদ বাংলাদেশের শাস্ত্রীয় সংগীতের উজ্জ্বল ভবিষ্যতের ইঙ্গিত দিয়েছেন। প্রিয়াংকার মারু-বেহাগ এবং ‘তারকাদের তারকা’খ্যাত রেজওয়ানের রাগ ললিতে খেয়াল শ্রোতাদের আপ্লুত করে। আশ্চর্য সুন্দর মিহি কণ্ঠের অধিকারী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ড. অসিত রায় ‘বিলাসখানি টোড়ি’র মায়া মজিয়েছেন প্রথমে এবং পরে ভৈরবী ঠুমরিতে আনন্দে উদ্বেলিত করেছেন। অনেক দিন পর শোনা গেল ওস্তাদ আখতার সাদমানী সাহেবের জ্যেষ্ঠ শিষ্য লিও জে বাড়ৈর কণ্ঠে রাগ দরবারি। প্রথম সন্ধ্যায় ঋতুপর্ণার কেদার রাগে ধ্রুপদও মনে রাখার মতো।উৎসবের মোতাবেক বিনা দর্শনীতে মধ্যরাতের ভুনা খিচুড়ি-লাবড়া-ডিমের কোর্মাসহ দুই দিনের পাঁচ বেলার আপ্যায়নের কথাই বা ভোলা যাবে কী করে। আবার দেখা হবে বসন্তে, বৈশাখের প্রথম প্রভাতে, বর্ষায়, হেমন্তে—এই আশ্বাসে যখন বিদায় জানান সমন্বয়কারী, তখন সকাল প্রায় নয়টা! রবিশঙ্করকে উৎসর্গিত ২৬-২৭ ডিসেম্বর ২০১২ স্মরণীয় হয়ে থাকবে না শুধু; আশা জাগাবে নতুন করে বাঁচার, নতুনভাবে বাঁচার। জয়তু লক্ষ্যাপার।