জয়পুরহাটে গতকাল শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী চারুকলা উৎসব। প্রথম দিনে এ উৎসবে অংশ নেয় জয়পুরহাটের ১২টি মাধ্যমিক বিদ্যালয়ের ১২৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বিভিন্ন বিভাগের ৬০ জন ছাত্রছাত্রীও উৎসবে যোগ দিয়েছেন। তাঁরা স্থানীয় শিক্ষার্থীদের হাতে-কলমে ছবি আঁকা শেখানো শুরু করেছেন। পাঁচজনের প্রতিটি দলে ভাগ করে প্রশিক্ষক ছাত্রছাত্রীরা মাঠে নিয়ে পৃথকভাবে শিক্ষার্থীদের প্রাকৃতিক দৃশ্যসহ বিভিন্ন ছবি আঁকা শেখাচ্ছেন। জয়পুরহাট তেঘর উচ্চবিদ্যালয় মাঠে চলছে এ উৎসব।
এর আগে সংবাদ সম্মেলনে আয়োজকেরা জানান, এ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা আগামী দিনে অপসংস্কৃতির বিরুদ্ধে তাদের মনকে আলোকিত করবে। শহরের বাইরে গ্রামীণ প্রাকৃতিক পরিবেশ ও বাঙালি সংস্কৃতি অনুষঙ্গের মাঝে শিল্প রচনার সুযোগ তৈরি করবে এ উৎসব।
চারুকলা উৎসব জয়পুরহাট ২০১৬ উদ্যাপন পরিষদের আহ্বায়ক আমিনুল হক জানান, বুধবার সকাল ১০টায় উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন শিল্পী সমরজিৎ রায়চৌধুরী, রফিকুন নবী, হামিদুজ্জামান খানসহ ২৫ জন বরেণ্য ব্যক্তি। উৎসব চলবে ১৯ মার্চ পর্যন্ত।
উৎসবে বিভিন্ন স্টলের পাশাপাশি প্রথমা প্রকাশনের একটি বই বিক্রয়কেন্দ্রও রয়েছে। উৎসবে সার্বিক সহযোগিতা করছে প্রথম আলো।