জয়াকে আজ দেখা যাবে 'বাঙালি ভূতের গপ্পো'তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বাঙালি ভূতের গপ্‌পো চলচ্চিত্রের দৃশ্যে জয়া আহসান
একটি বাঙালি ভূতের গপ্‌পো চলচ্চিত্রের দৃশ্যে জয়া আহসান

জয়া আহসান অভিনীত একটি বাঙালি ভূতের গপ্পো চলচ্চিত্রের প্রিমিয়ার প্রদর্শনী আজ। বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টায় জি বাংলা সিনেমায় ইন্দ্রনীল রায়চৌধুরী পরিচালিত ভারতীয় এই ছবিটির প্রিমিয়ার হবে। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় প্রযোজিত ছবিতে জয়ার চরিত্রের নাম অমৃতা দত্ত। এখানে তাঁর ভূমিকা একজন সাদামাটা সাধারণ গৃহিণীর, একসময় তিনি আবির্ভূত হন তরুণ উদ্যোক্তা হিসেবে।
ছবির পরিচালক ইন্দ্রনীল রায়চৌধুরী বলেন, ‘আমি নুরুল আলম আতিকের সঙ্গে পুনে ফিল্ম ইনস্টিটিউটে পড়ালেখা করেছি। আতিকের ডুবসাঁতার ছবিতে জয়ার অভিনয় মুগ্ধ করেছিল আমাকে। এরপর আমার ছবিতে অভিনয়ের জন্য ওকে প্রস্তাব দিলাম। রাজি হলো সে-ও। তো, জয়ার সঙ্গে কাজ করতে গিয়ে কাজের প্রতি ওর নিষ্ঠা দেখে আমি অভিভূত। নিজের চরিত্রটি ভালোভাবে ফুটিয়ে তুলতে অসম্ভব পরিশ্রম করেছে সে। বিশেষত কলকাতার বাংলা উচ্চারণে যে টানটি আছে, সেটি রপ্ত করতেও বেশ খেটেছে ডাবিংয়ের সময়। শুটিংয়ের আগে মহড়াতেও অনেক সময় দিয়েছে জয়া।’
ছবি প্রসঙ্গে জয়া আহসান বললেন, ‘খুব সম্ভবত মার্চ থেকে শুটিং শুরু হয়েছিল ছবিটির। এর গল্পটি ভিন্ন রকম। একটি বাঙালি ভূতের গপ্পো নাম হলেও ছবিতে ভূত একটি উপাদান; ছবিটি মূলত থ্রিলার ধাঁচের।
জয়া আহসান ছাড়াও এ ছবিতে আরও অভিনয় করেছেন সৌরভ চক্রবর্তী, দামিনী বসু, নিমাই ঘোষ, জয়দীপ মুখোপাধ্যায়, দোয়েল পাখি দাশগুপ্ত প্রমুখ।