জর্জ ক্লুনিকেই বাছলেন বিল ক্লিনটন
সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের জীবনীভিত্তিক চলচ্চিত্র তৈরি হলে এর নাম ভূমিকায় ব্র্যাড পিটের চেয়ে জর্জ ক্লুনিকেই তাঁর বেশি পছন্দ বলে জানিয়েছেন বিল ক্লিনটন। সম্প্রতি সিএনএনের ‘পিয়ার্স মরগ্যান টুনাইট’ শোতে অতিথি হিসেবে হাজির হয়েছিলেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। সেখানে বিভিন্ন বিষয়ে কথা বলেছেন তিনি। একপর্যায়ে তাঁকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর জীবনীভিত্তিক চলচ্চিত্রে নাম ভূমিকায় হলিউডের কোন অভিনেতাকে দেখতে চান তিনি। প্রশ্নের জবাব দিতে দেরি করলে ব্র্যাড পিট এবং জর্জ ক্লুনির মধ্যে যেকোনো একজনকে বেছে নিতে বলা হয় ক্লিনটনকে। তখন তিনি জর্জ ক্লুনিকেই বেছে নেন। জানিয়েছে নিউইয়র্ক ডেইলি নিউজ। এ প্রসঙ্গে ক্লিনটন বলেছেন, ‘ব্র্যাড পিট দেখতে অনেক বেশি সুন্দর। আমার মনে হয়, পর্দায় ক্লুনিকে আমার মতো চেহারায় উপস্থাপন করা অনেক বেশি সহজ হবে। এ ছাড়া ‘দ্য ডিসেন্ড্যান্টস’ ছবিতে জর্জ ক্লুনির অভিনয় দেখে আমি অভিভূত। সত্যিই দারুণ এবং বাস্তবসম্মত অভিনয়ে পারদর্শী তিনি।’ ছবিতে স্ত্রী হিলারি ক্লিনটনের ভূমিকায় কাকে দেখতে চান—এমন প্রশ্নের জবাবে ক্লিনটন বিনা বাক্য ব্যয়ে মেরিল স্ট্রিপের নাম উল্লেখ করেছেন। এ ছাড়া নিজের পছন্দের ছবি হিসেবে ক্লিনটন উল্লেখ করেছেন ১৯৫২ সালে মুক্তিপ্রাপ্ত ‘হাই নুন’ ছবির নাম। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘২৫ থেকে ৩০ বার ‘হাই নুন’ ছবিটি দেখেছি। আর মাত্র একটি ছবিই এ রকম ক্লান্তিহীনভাবে বারবার দেখেছি আমি। সেটা হলো ‘ক্যাসাব্লাঙ্কা’।’