জলতরঙ্গের দ্বিতীয় বর্ষপূর্তিতে 'সেদিন আর কত দূরে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলতরঙ্গের পরিবেশনা ‘সেদিন আর কত দূরে’
জলতরঙ্গের পরিবেশনা ‘সেদিন আর কত দূরে’

সাংস্কৃতিক সংগঠন জলতরঙ্গ তাঁদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গত শনিবার উপহার দিল গীতি-আলেখ্য ‘সেদিন আর কত দূরে’। ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ স্বাধীনতা দিবস ও তার পূর্ববর্তী প্রেক্ষাপট, দেশভাগের ইতিহাস এই ছিল আলেখ্যানুষ্ঠানের বিষয়বস্তু। পাণ্ডুলিপি রচনা করেছেন হালিমুজ্জামান খান।

প্রাকৃতিকভাবে সুজলা সুফলা আমাদের এই প্রিয় জন্মভূমি। কিন্তু তবু যুগে যুগে দেশি–বিদেশি কুশাসনে সাধারণ মানুষ বারবার আশাহত! তারপরেও মানুষের সাংস্কৃতিক পথচলা এগিয়ে যায়, মানুষ নতুন করে আশায় ঘর বাঁধে। সেই ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে শুরু করে এ পর্যন্ত মানুষের জীবনযুদ্ধ আর সংগ্রাম নিপুণ নান্দনিকতায় ফুটে উঠেছে কালজয়ী যেসব গানে, কবিতায় সেসব দিয়েই তৈরি করা হয়েছে এ পরিবেশনা। ‘সেদিন আর কত দূরে’ নামটি নেওয়া হয়েছে সলিল চৌধুরীর বিখ্যাত গানের প্রথম কলি অবলম্বনে।
জাকির হোসেন তপন ও তানভীরা আশরাফ শ্যামার সার্বিক তত্ত্বাবধানে এই গীতি-আলেখ্যে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সলিল চৌধুরী, আবদুল গাফ্‌ফার চৌধুরী, আবদুল লতিফ, সুকান্ত ভট্টাচার্য, শামসুর রাহমান, নির্মলেন্দু গ‌ুণ, মুকুন্দ রামসহ বাংলার সেরা সংগীতের ভান্ডার থেকে গান ও কবিতা নির্বাচন করা হয়।