জলবাসী জীবনে বাঁশির কান্না
বাঁশির প্রেমে পড়েছিলেন আম কুড়ানোর দিনে। মেরিন একাডেমির ‘লেফট রাইট লেফট রাইট’ জীবনে ছিল বাঁশি। দূর সমুদ্রের একাকী জীবনেও প্রিয় বন্ধু ছিল সেই বাঁশিই। এ বাঁশির রাজা ক্যাপ্টেন (অব.) আজিজুল ইসলাম। তাঁকে নিয়ে এই প্রতিবেদনকবি মাহবুব উল আলম চৌধুরীর কবিতাটির নাম ‘বাঁশির কান্না’। কবিতার একটি চরণে তিনি বলেছেন, ‘বাঁশি কেন কাঁদে...।’ যাঁর বাঁশির সুরে মজে কবি লিখেছেন এই কবিতা, সেই বাঁশরিয়া আজিজুল ইসলামের কাছে জানতে চেয়েছিলাম, বাঁশি কেন কাঁদে! উত্তরটি রহস্যের জালে বন্দী করেন তিনি। বলেন, ‘৪০-৪৫ বছর ধরে ঘর করছি বাঁশির সঙ্গে। তবুও তো বলেনি সে কেন কাঁদে!’একদা সমুদ্রগামী জাহাজের এই নাবিক আজ খ্যাত হয়েছেন ওস্তাদ আজিজুল ইসলাম হিসেবে। স্বশিক্ষিত এই শিল্পী এখন আন্তর্জাতিক পর্যায়ের শাস্ত্রীয় ধারার শীর্ষস্থানীয় বংশীবাদক। বিশ্বখ্যাত শাস্ত্রীয় সংগীত সম্মেলন ‘ডোবারলেন মিউজিক কনফারেন্স’ ও ‘ভারতের উত্তরপাড়া সংগীত চক্র’ আয়োজিত সম্মেলনে তিনিই প্রথম বাংলাদেশি হিসেবে বাজানোর সুযোগ পেয়েছেন।১৯৮১ সালে প্রথম একক অনুষ্ঠান করেন সংগীত রিসার্চ একাডেমিতে। ওস্তাদ সাবির খাঁ, পণ্ডিত সমর সাহা ও সুভেন চ্যাটার্জির মতো তবলচি তাঁর সঙ্গে তবলা সংগত করেছেন। প্রখ্যাত বেহালাবাদক পণ্ডিত ভি জি যোগের সঙ্গে ঢাকা ও কলকাতায় যুগলবন্দী বাজিয়েছেন। ভারতের হিন্দুস্থান মিউজিক প্রোডাক্টস থেকে বেরিয়েছে তাঁর সিডি। অস্ট্রেলিয়ার পোর্ট ফেয়ারি স্প্রিং মিউজিক ফেস্টিভ্যালে ভারতীয় উপমহাদেশের একমাত্র উচ্চাঙ্গসংগীতশিল্পী হিসেবে পরিবেশনার সুযোগ পেয়েছেন।ওস্তাদ আজিজুল ইসলামের জন্ম ১৯৪৫ সালে ফরিদপুর জেলার রাজবাড়ীতে। গ্রামের বাড়ি সুরসম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁর নাড়িছেঁড়া ব্রাহ্মণবাড়িয়ায়। গ্রামের নাম ভাতশালা।বাঁশির প্রেমে পড়লেন কীভাবে? প্রশ্ন করলে আজিজ যেন ফিরে যান শচীনকর্তার ‘সেই বাঁশি বাজানোর দিনগুলো’তে। ‘বাবার বদলির চাকরি। আমরা তখন জীবনানন্দের “বনলতা সেনের” দেশ নাটোরে। বাবার বন্ধু ননী বাবু আমাদের বাসায় এসে বাঁশি বাজাতেন। পাশের বাসার এক চিকিৎসক যখন “বাচপান কি মোহাব্বতে” একদা জনপ্রিয় হিন্দি গানটির সুর তুলতেন, সেই সুরে আমার হূদয়ে ভাঙচুর হতো। তখন কিন্তু আম কুড়ানোর বয়স আমার।’ বলেন আজিজ।এরপর?‘এরপর নবম শ্রেণীতে পড়ার সময় নিজে গিয়ে ভর্তি হলাম আর্যসংগীতে। ভর্তি ফি ১২ টাকা। আমার পকেটে ছিল দুই টাকা। বাকি ১০ টাকা চুরি করেছিলাম মায়ের আলমারি থেকে। আর্যসংগীতের ওস্তাদ প্রিয়দারঞ্জন সেনগুপ্তের কাছে আমার সুরের হাতেখড়ি।’পরে তিনি ওস্তাদ বেলায়েত আলী খাঁর শিষ্যত্ব গ্রহণ করেন। রাখি বেঁধেছেন অনেক বিখ্যাত ওস্তাদের সঙ্গে। তাঁদের মধ্যে আছেন বিশ্বখ্যাত সরোদবাদক বাহাদুর খান, পণ্ডিত ভি জি কার্নাড। বাঁশির তালিম নিয়েছেন তাঁর কল্পনার গুরু পান্নালাল ঘোষের শিষ্য দেবেন্দ্র মুর্দেশ্বরের কাছেও।মেরিন একাডেমির ‘লেফট রাইট লেফট রাইট’ জীবনে বাঁশি থাকল কীভাবে? কথাটা লুফে নেন আজিজুল ইসলাম। বলেন, ‘আনোয়ারায় কর্ণফুলী নদীর পাড়ে ক্যাম্পাসে গিয়ে দেখলাম, কঠোর শৃঙ্খলায় বাঁধা জীবন। তবুও সঙ্গে বাঁশি নিতে ভুল করিনি। “হবি টাইমে” বাজাতাম। একদিন বাঁশি শুনে ফেললেন একাডেমির চিফ অফিসার নজর হোসেন শাহ। ভেবেছিলাম, আমার বাঁশি বাজানোর দিন হয়তো শেষ। কিন্তু তিনি আমাকে অবাক করে দিয়ে বললেন, “তোমার বাঁশিতে আমি মুগ্ধ।” তিনি প্রতি সপ্তায় বাড়ি যাওয়ার সুযোগ করে দিলেন।’আপনার বাঁশির প্রতি প্রেম নিয়ে স্ত্রীর কোনো অভিযোগ আছে?আজিজ হাসেন, তারপর বলেন, ‘স্ত্রী ডা. আঞ্জুম অতটা না হলেও সমঝদার। আমার সব অনুষ্ঠানে যায়। চট্টগ্রামের বাইরে গেলে ফোন করে বলে “তুমি তো নেই, আমি ঘরে বসেই যেন তোমার বাঁশির প্রতিধ্বনি শুনি”।’জলবাসী মানুষটা একদা শুনেছিলেন সাগরের গান। এখন ভেসে চলেছেন সংগীতের সুরের ঝরনাধারায়। স্বপ্ন তাঁর কল্পনার গুরু পান্নালাল ঘোষের মতোই বাজানো। স্বপ্নযাত্রা চলছেই।