জলরং কর্মশালা ‘স্বাগত বর্ষা’
শুরু থেকেই এবার বর্ষা ঋতু বর্ষণমুখর। বর্ষাবন্দনা করে সাংস্কৃতিক অঙ্গনে সংগীতানুষ্ঠান, আবৃত্তিসহ নানা কর্মসূচির আয়োজন চলছে প্রায়ই। এবার তাতে অংশ নিলেন চারুশিল্পীরাও। গতকাল রোববার ‘স্বাগত বর্ষা’ নামে তিন দিনের জলরঙের কর্মশালা শুরু হলো মালিবাগের গ্যালারি কসমসে।দেশের জররঙের কাজে অন্যতম প্রধান সিদ্ধহস্ত শিল্পী অলকেশ ঘোষ এই কর্মশালা পরিচালনা করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ, ইউনিভার্সিটি অব ডেভেলপমেন্ট অলটারনেটিভ (ইউডা) এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের ১৫ জন শিক্ষার্থী এই কর্মশালায় অংশ নিচ্ছেন। বিকেলে কর্মশালার উদ্বোধন করেন শিল্পকলার ইতিহাস বিশেষজ্ঞ সুন্দরম ঠাকুর। বিশেষ অতিথি ছিলেন শিল্পী বীরেন সোম। কর্মশালায় অংশগ্রহণকারীরা হলেন: রত্নেশ্বর সূত্রধর, সুলতান ইশতিয়াক, মানিক বণিক, আরিফুল ইসলাম, শাহনূর মামুন, তর্পণ কুমার পাল, সুমন বৈদ্য, দিদারুল হোসেন, মাহমুদুর রহমান, আরিফুর রহমান, ওয়ারিয়র সামী, ফাহমি খান, সিনথিয়া আরেফিন, খিং সাই মং মার্মা ও সৌরভ চৌধুরী। অতিথিশিল্পী হিসেবে আছেন আফরোজা জামিল। কর্মশালা চলবে ২৬ জুন পর্যন্ত।শিল্পী অলকেশ ঘোষ বলেন, ‘অন্য মাধ্যমের চেয়ে জলরং একটু কঠিন। কারণ, একটানা কাজ করে শেষ করতে হয়। হাতে সাবলীলতা থাকতে হয়। ভুল হলে কাজটি বাতিল হয়ে যায়। সংশোধনের সুযোগ থাকে না। এখানে তরুণ শিল্পীরা স্বাধীনভাবে কাজ করছে। কর্মশালায় একসঙ্গে কাজ করলে একটা প্রতিযোগিতার মনোভাব আসে। তা ছাড়া পারস্পরিক ভাবের আদান-প্রদানেরও সুযোগ থাকে। জলরঙের কাজের জন্য বর্ষার প্রাকৃতিক পরিবেশটি খুবই উপযোগী। ঋতুর এই সজল বৈশিষ্ট্য তুলে আনার লক্ষ্য রয়েছে সবার কাজে।’অংশগ্রহণকারী ইউডার ওয়ারিয়র সামী ও খিং সাই মং মার্মা জানান, কর্মশালায় অংশ নিয়ে স্বতঃস্ফূর্তভাবে তুলি চালনার কৌশলটি তাঁরা আয়ত্ত করছেন প্রশিক্ষক অলকেশ ঘোষের কাছ থেকে। জলরঙের কাজ করার ক্ষেত্রে এটি অত্যন্ত জরুরি।