
‘নারী মাত্রই তো শিল্পী। তাঁরা প্রতিদিনই ছবি আঁকেন। কাগজে না এঁকে আয়নার সামনে দাঁড়িয়ে তাঁরা নিজেকে আঁকেন। মুখে মাসকারা, কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক। ভ্রুটা একটু অবিন্যস্ত থাকলে সেটাও এঁকে ঠিক করে নেন। এমনকি কাপড়ের সঙ্গে ব্যাগটা না মিললেও তাঁদের চলে না। এসব তো শিল্পিত মানুষের রং-সচেতনতা।’ ইএমকে সেন্টারে জলরং প্রদর্শনীর উদ্বোধনে আগত অতিথিদের উদ্দেশে কথাগুলো বলছিলেন শিল্পী মুস্তাফা মনোয়ার।
গতকাল শনিবার সন্ধ্যায় ধানমন্ডির ইএমকে সেন্টারে শুরু হয়েছে চিত্রশিল্পী সাঈদা কামালের নবম একক চিত্র প্রদর্শনী। এর উদ্বোধন করেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘ছবি দেখতে ভালো লাগে বলেই এসব অনুষ্ঠানে আমাকে দেখা যায়। জলরঙে একধরনের কোমলতা আছে; ঠিক বাংলাদেশের মতোই।’ স্বভাবসুলভ হাস্যরসে দর্শক-মন ভরিয়ে দিয়ে তিনি বলেন, ‘আগে প্রদর্শনী উদ্বোধনে এলে কিংবা চিত্র সমালোচনা লিখলে ছবি উপহার দেওয়াই ছিল সভ্যতা। এখন তো এসব উঠেই গেছে।’ বড় ভাই আসাদুজ্জামান নূরকে টেনে নিয়ে গিয়ে শিল্পীও বলেছেন, ‘কোনটা নেবেন, পছন্দ করুন।’
সাঈদা কামাল জানালেন, দুই বছর ধরে আঁকা প্রদর্শনীর এই ছবিগুলো প্রকৃতি নিয়ে। তিনি বলেন, ‘প্রতিনিয়ত মানুষের হাতে বিনষ্ট হচ্ছে প্রকৃতি। পথে নেমে প্রতিবাদের উপায় নেই আমার। সেসবের প্রতিবাদেই কাগজে জলরঙে এ আমার প্রতিবাদ।’ গত বছর লন্ডনে এই শিল্পীর একটি একক প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিল্পী মনিরুল ইসলাম, মানবাধিকারকর্মী সুলতানা কামাল, শিল্পী আনোয়ার শমসের দিল, ফরিদা জামান, ইএমকে সেন্টারের পরিচালক এম কে আরেফ প্রমুখ।
শুক্রবার ছাড়া ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল নয়টা থেকে রাত আটটা ছবিগুলো দেখে আসা যাবে।