জলরঙে জলপরি
জাহাজে করে সেন্ট মার্টিন যাচ্ছেন সৈয়দ শামসুল হক। হঠাৎ দেখেন, এক তরুণী সমুদ্রের পানে তাকিয়ে আছে। সৈয়দ হক ভাবেন, মেয়েটির বয়স যদি ১৩ বা ১৪ হতো, তবে মেয়েটি এখন কী করত? কল্পনায় মেয়েটির জীবনের অনেক সময় তিনি ভাবতে থাকেন। কুসুম এভাবেই লেখকের কল্পনায় একেক সময় একেকভাবে উঠে আসেন। কখনো কসুম জলপরি, কখনো আবার কারও স্ত্রী, কখনো বা কিশোরী।এই কুসুম হলেন নায়িকা নিপুণ। শাহনেওয়াজ কাকলীর জলরং চলচ্চিত্রে এভাবেই নিপুণ একাধিক চরিত্রে নিজেকে তুলে ধরেছেন। ছবিটি রয়েছে মুক্তির অপেক্ষায়। আবার আশরাফুল আলমের তুমি আসবে বলে ভালোবাসবে বলে ছবিতে গ্রামের এক ধনাঢ্য পরিবারের মেয়ে হয়ে একজনের সঙ্গে মন দেওয়া-নেওয়া; তারপর বিরহব্যথায় জড়িয়ে পড়েন। অনুদানের চলচ্চিত্র আত্মদান-এও করছেন অভিনয়। বাণিজ্যিক চলচ্চিত্রে নিপুণের ব্যস্ততা কম নয়। সম্প্রতি তিনি আবার একটি ছবির শুধু একটি গানেই অভিনয় করেছেন ‘আইটেম গার্ল’ হিসেবে। হাতে আছে বেশ কিছু চলচ্চিত্র। কাজের শুরুর দিকেই সাজঘর চলচ্চিত্রে অভিনয়ের জন্য পার্শ্বচরিত্রের অভিনেত্রী হিসেবে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৮।এত যাঁর অর্জন, তাঁর অনুভূতি কী রকম?বললেন, ‘মাঝেমধ্যে আমার নিজের কাছেই একটু অবাক লাগে। কারণ, একমাত্র আমার বড় বোন ছাড়া কেউই ভাবেনি যে আমি বিনোদনজগতে নিজেকে তুলে ধরতে পারব। আমার নাচ দেখে বোন বলতেন, তুই অভিনয় কর, ভালো করবি। আমি হাসতাম।’হাসার কথাই। কম্পিউটারবিজ্ঞান বিষয়ে রাশিয়া থেকে পড়াশোনা শেষ করে পাড়ি জমিয়েছিলেন যুক্তরাষ্ট্রে। সেখানে পেয়ে যান গ্রিন কার্ড। সেখানে একটি বেসরকারি প্রতিষ্ঠানে পেয়ে যান চাকরিও। তারপর দেশে বেড়াতে এসে বিমানবন্দরে চোখে পড়েন নির্মাতা সোহানুর রহমান সোহানের। সেখান থেকেই বিনোদনজগতে হুট করেই ঢুকে পড়েন। প্রথমে ছিল শখ। তারপর তিনি পেশা হিসেবে বেছে নিলেন চলচ্চিত্রকে।‘সত্যিই আমি শখে চলচ্চিত্রে কাজ শুরু করেছিলাম। যখন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করলাম, তখন আমি সিরিয়াসভাবেই নিলাম। পরিবারের সবাই উত্সাহ দিলেন। যদিও প্রতিযোগিতার যুগে জায়গা করে নিতে অনেক সময় লেগেছে, কিন্তু আমি মনে করেছি যে ভালো কাজ করলে তার ইতিবাচক ফলাফল পাওয়া যাবেই।’ বলছিলেন নিপুণ।সাম্প্রতিক কাজ নিয়ে নিপুণ বললেন, ‘বাণিজ্যিক ছবিগুলোতে কাজ করার অভিজ্ঞতা এক রকমের হয়েছে। আবার জলরং ছবিতে কাজ করতে গিয়ে আমি অন্য রকম এক অভিজ্ঞতা অর্জন করলাম। ছবির একটি অংশে আমার শরীরে রং লাগানো হলো, চারুকলার কয়েকজন শিক্ষার্থীকে দিয়ে।আমাকে পরির বেশে উপস্থাপন করা হলো। একটি কবিতার মধ্যে একটি ছবি। অসাধারণ সেই অনুভূতি! বলে বোঝাতে পারব না।’অভিনয়ের শুরুতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এমন অর্জন আরও আসবে কি?নিপুণ বললেন, ‘নবীনতম একজন শিল্পী হিসেবে বলব, আমার প্রত্যাশা অনেক বেশি। সবে কাজ শুরু করেছি। সামনে যে ছবিগুলো মুক্তি পাবে, সেগুলোর প্রতিটিই আমাকে আমার প্রত্যাশা পূরণে এক ধাপ করে এগিয়ে নিয়ে যাবে, এটা আমার বিশ্বাস।’এ সাক্ষাত্কারটি যখন নেওয়া হচ্ছিল, নিপুণ তার কিছুক্ষণ আগেই নাটোর থেকে এই তো প্রেম ছবির শুটিং শেষ করে বাসায় ফিরেছেন। বললেন, ‘আমার অভিনয়জীবনের আরেক পাওয়া হচ্ছে এই ছবিতে অভিনয় করার সুযোগটি। অসাধারণ একটি গানে কাজ করে এলাম। নিজেই অপেক্ষা করছি ছবিটি দেখার জন্য।’