
গতকাল শুক্রবার বিকেলে ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারিতে শুরু হয়েছে শিল্পী কারু তিতাসের তৃতীয় একক চিত্র প্রদর্শনী। জলরঙে তিনি এঁকেছেন বাংলার বর্ষা। রয়েছে অ্যাক্রিলিকে আঁকা কয়েকটি ছবিও। জল দিয়ে প্রকৃতির জল আঁকার অভিজ্ঞতা নিয়ে তিনি বললেন, ‘মানুষকে মনের চোখে দেখতে অনুরোধ করি, দেশটা অনেক সুন্দর। দেশের বিভিন্ন জায়গায় ভ্রমণে গিয়ে দেখা সৌন্দর্যগুলোই আমি এঁকেছি।’
প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী রফিকুন নবী। তিনি বলেছেন, ‘তিতাস ভালো আঁকে। আমার প্রত্যাশা, কাজের পরে কাজ করতে করতে সে আরও এগিয়ে যাবে।’ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী আবদুল মান্নান, কবি রবিউল হুসাইন ও ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। তাঁরা বলেন, এই শিল্পচর্চা জঙ্গিবাদের বিরুদ্ধে একধরনের প্রতিবাদ। ৪৭টি ছবি নিয়ে তিতাসের এ প্রদর্শনী চলবে ১২ আগস্ট পর্যন্ত। প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত এ গ্যালারি খোলা থাকবে।