জলরঙে প্রকৃতির কণ্ঠস্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যালারি কায়ায় জলরং মাধ্যমে ১০ জন সমকালীন শিল্পী প্রকৃতির কণ্ঠস্বরকে প্রতিধ্বনিত করতে চেয়েছেন। তাঁদের তুলিতে মূর্ত হয়েছে প্রবহমান জল, নানা বর্ণের ফুল, বিস্তীর্ণ শ্যামল প্রান্তর ঘিরে ছড়িয়ে থাকা পাহাড়ি অনুষঙ্গ। এসব ছবি নিয়ে গতকাল শুক্রবার সেখানে শুরু হলো দলীয় প্রদর্শনী ‘ওয়াটার রাইমস-৪’।
গতকাল সন্ধ্যায় এ প্রদর্শনীর উদ্বোধন করেন অধ্যাপক সমরজিৎ রায়চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন গ্যালারি কায়ার কর্ণধার গৌতম চক্রবর্তী।
প্রদর্শনীর শিল্পীরা হলেন হামিদুজ্জামান খান, রণজিৎ দাস, জামাল আহমেদ, আলপ্তগীন তুষার, আনিসুজ্জামান, মোহাম্মদ ইকবাল, শাহানুর মামুন, আজমির হোসেন, কামালউদ্দিন ও শিশির ভট্টাচার্য্য।
৫০টি ছবি আছে এ প্রদর্শনীতে। সব কটি ছবিতে জলরঙের সজলতাকে বলিষ্ঠ বাঁধুনিতে সংহত করেছেন শিল্পীরা। ছবিগুলো সহজ ও সাবলীল। প্রকৃতির সজল এবং স্বাভাবিক আলোকদীপ্ত উপস্থাপনা আছে প্রায় সব ছবিতে।
প্রদর্শনীটি আগামী ২ ডিসেম্বর পর্যন্ত চলবে। বেলা ১১টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত এ প্রদর্শনী খোলা থাকে।