বিনোদনের মায়ানগর মুম্বাইতে পীঠস্থান ও বাসস্থান যেন মিলেমিশে একাকার। সিদ্ধিবিনায়ক, হাজী আলী, মাউন্ট মেরির সঙ্গে মুম্বাই দর্শনে জুড়ে গেছে জলসা, গ্যালাক্সি, মান্নাতের নামও। অমিতাভ বচ্চনের বাড়ির সামনে রোজ কিছু মানুষ ভিড় করে থাকেন। শুধু তাঁদের প্রিয় তারকাদের ক্ষণিকের দেখার অপেক্ষায়। কখনো দিন গড়িয়ে রাত হয়ে যায়। কখনোবা এই পথ চাওয়া শেষ হয়। শুধু একটু হাত নাড়া, এটুকুই পরম প্রাপ্তি। আর তা না হলে তারকাদের বাড়ির সামনে নিজেদের ক্যামেরাবন্দী করেই সার্থক তাঁদের মুম্বাই দর্শন। জানাচ্ছেন মুম্বাই প্রতিবেদক দেবারতি ভট্টাচার্য

সত্তর ছুঁইছুঁই প্রৌঢ়া পরমিন্দর কাউর। সুদূর পাঞ্জাবের জলন্ধর থেকে মুম্বাইতে এসেছেন। ইচ্ছা শুধু একটাই—প্রিয় নায়ককে একবার চোখের দেখা। না, ইচ্ছা পূরণ হয়নি তাঁর। ‘জলসা’র নিরাপত্তারক্ষীদের জবাব, ‘সাব নেহি হ্যায়।’ তাতেও কোনো হেলদোল নেই এই বৃদ্ধার। তাঁর প্রত্যুত্তর, ‘সাব’ নেই তো কী আছে, তাঁর জলসা তো আছে। এখানেই যে তাঁর স্বপ্নের নায়ক থাকেন। পরমিন্দর কাঁপা কাঁপা হাতে স্পর্শ করেন জলসার প্রাচীরকে। স্বপ্নের নায়ককে ছুঁয়ে দেখা যেন।
‘প্রতীক্ষা’, ‘জলসা’, ‘জনক’—মুম্বাইয়ের জুহুর বুকে তিনটি বাড়ি বলিউডের মেগা তারকা অমিতাভ বচ্চনের। তবে প্রতীক্ষার সঙ্গে বিগ বির আত্মিক সম্পর্ক। তাঁর মেগা তারকা হয়ে ওঠার সাক্ষী এই প্রতীক্ষা। ৪০টি বছর সপরিবার তিনি কাটিয়েছেন এখানে—বাবা হরিবংশ রাই বচ্চন ও মা তেজী বচ্চনের সঙ্গে। মেয়ে শ্বেতা ও ছেলে অভিষেকের বড় হয়ে ওঠার গল্প ছড়িয়ে আছে প্রতীক্ষার আনাচকানাচে।

তারপর তাঁরা চলে আসেন জলসার নতুন ঠিকানায়। ১০ হাজার ১২৫ বর্গফুট দ্বিতল এই বাড়িতে থাকেন অমিতাভ, জয়া, অভিষেক, ঐশ্বরিয়া ও বচ্চন পরিবারের নতুন সদস্য আরাধ্য। কথা হলো প্রতীক্ষার নিরাপত্তাপ্রধান সুরজ কদমের সঙ্গে। তিনি বলেন, আজও রোজ নিয়ম করে বিগ বি প্রতীক্ষাতে আসেন তাঁর মা-বাবার ছবিতে মালা দিতে। তাঁদের ছবির সামনে ধূপ দিতে।
প্রতীক্ষার অন্দরে আছে হরিবংশ রাই বচ্চনের তৈরি করা মন্দির। সেই মন্দিরে আজও সময় কাটিয়ে যান অমিতাভ। প্রতীক্ষার প্রতিবেশী আরতি দেশমুখ বলেন, ২০০৫-এর ২৬ জুলাই মুম্বাইতে বন্যার সময় অভিষেক বৃষ্টি মাথায় করে গলা অবধি জল কাটিয়ে ঠাকুরমার জন্য জলসা থেকে খাবার নিয়ে এসেছিলেন। কোনো গৃহপরিচারিকা দিয়ে খাবার পাঠাতে পারতেন। একেই বলে বাড়ির অনুশাসন।
জলসার নিরাপত্তাপ্রধান গোপী বলেন, বিগ বি মুম্বাইতে থাকলে রোজ ভোরবেলায় নিয়ম করে জুহু ক্লাবে যান মর্নিং ওয়াক ও জিম করতে। প্রতি রোববার সন্ধ্যা ছয়টায় জলসার গেটে আসেন তাঁর অনুরাগীদের সঙ্গে দেখা করতে। দীপাবলির দিনও শুভেচ্ছা বিনিময় করেন।
অমিতাভ বচ্চনের প্রায় ১৩ বছরের প্রতিবেশী মুকেশ ত্রিবেদী বলেন, বচ্চন পরিবার নিজেদের মতো থাকে। এলাকায় কারোর সঙ্গে মেলামেশা খুব একটা করে না। তবে ছয় মাস অন্তর বিগ বি সপরিবার জুহু ক্লাবে সোসাইটি মিটিংয়ে আসেন।