জলির অভিষেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলি, ছবি: খালেদ সরকার
জলি, ছবি: খালেদ সরকার

সকালের নাশতা খাওয়ার সুযোগ পাননি। বাসা থেকে বের হয়েছেন সকাল আটটায়। এরপর বিভিন্ন পত্রিকা, টিভি চ্যানেল আর এফএম রেডিওতে যাচ্ছেন জলি।
জলি চলচ্চিত্রের নতুন নায়িকা। তাঁর প্রথম ছবি অঙ্গার। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই ছবি বাংলাদেশ আর ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে কাল ১৫ জানুয়ারি। এ কারণেই জলির এই ব্যস্ততা। সব জায়গায় তিনি একাই যাচ্ছেন। একা কেন? কারণ, ছবির নায়ক ওম কলকাতায়। এ দেশের প্রচারণায় জলি একাই অংশ নিচ্ছেন।
১০ জানুয়ারি বিকেলে প্রথম আলোর কার্যালয়ে এলেন জলি। এসেই জানালেন তাঁর এই ব্যস্ততার কথা। এর আগে কলকাতায় ছবিটির প্রচারণায় অংশ নিয়েছেন তিনি। বাংলাদেশে ছবিটি প্রযোজনা করছে জাজ মাল্টিমিডিয়া আর কলকাতায় এসকে মুভিজ।
অঙ্গার ছবি নিয়ে জলি বললেন, ‘চলচ্চিত্রে নায়িকা হওয়ার জন্য স্বপ্ন দেখেছি। আমার স্বপ্ন পূরণ হতে চলেছে। ছবি মুক্তির আগে মনে হচ্ছে ঘুমাতেই পারব না।’
চলচ্চিত্রে একেবারেই নতুন, তার ওপর ছবির কাজ হয়েছে দেশের বাইরে। কেমন অভিজ্ঞতা হলো? জলি বললেন, ‘আমার কোনো সমস্যা হয়নি। ওম খুব সহযোগিতা করেছেন।’
ছবির শুটিংয়ের প্রসঙ্গ উঠতেই বললেন, ‘শুটিং শুরু করার দুদিন আগে থেকেই আমার চোখে ঘুম ছিল না। প্রথম দৃশ্য ছিল, দরজা খুলে ঘরে ঢুকে বাবার টাকা চুরি করব। দৃশ্যটি আশীষ বিদ্যার্থীর সঙ্গে করতে হবে। ভয়ে আমার শরীর ঠান্ডা হয়ে যায়। শুরুতেই এত বড় মাপের একজন অভিনেতার সামনে দাঁড়িয়ে সংলাপ বলতে হবে! পরে পরিচালক ওয়াজেদ আলী সব বুঝিয়ে দিলেন। দরজা খুলে ঢুকছি। মানসিক চাপ এতটাই ছিল যে, তখন কী করেছিলাম, আর কিছুই মনে নেই। তবে শটটি একবারেই ওকে হয়েছিল।’
অঙ্গার ছবিতে অভিনয় করতে গিয়ে নিজের ভাইয়ের বিয়েতে থাকতে পারেননি জলি। বললেন, ‘তখন বান্দরবানে শুটিং করছি আর ঢাকাতে আমার বড় ভাইয়ের বিয়ে হচ্ছে। আম্মার ফোন পেয়ে সেদিন অনেক কেঁদেছি।’
জলি চলচ্চিত্রে কীভাবে সুযোগ পেলেন? জানালেন, ওই সময় সেলফি তুলে ফেসবুকে দিতেন। এদিকে জাজ মাল্টিমিডিয়ার ওয়েবসাইটে নতুন নায়িকার জন্য বিজ্ঞাপন দেওয়া হয়। এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেন জলি। এরপর কয়েক ধাপের বাছাই প্রক্রিয়ার পর একসময় চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ পেয়ে যান। পাঁচ বছরের চুক্তিও করেছেন। জলি বললেন, ‘চলচ্চিত্রে কাজ করতে যাচ্ছি, আমি তখনো বিশ্বাস করতে পারছিলাম না।’
এদিকে অঙ্গার ছবি মুক্তির আগেই নিয়তির কাজ শেষ করেছেন জলি। এই ছবিতে তিনি অভিনয় করেছেন আরিফিন শুভর বিপরীতে। এ বছর পয়লা বৈশাখ উপলক্ষে ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে। শুধু তা-ই নয়, প্রথম ছবি মুক্তির আগেই জলির তিন নম্বর ছবিটিও চূড়ান্ত হয়েছে। এই ছবিতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়ক জিৎ। জলি অভিনয় করবেন তাঁর সঙ্গে। জলি বললেন, ‘এটি আমার অভিনয়জীবনের জন্য একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে থাকবে। অল্প দিনেই আমি অনেক কিছু পেয়েছি। এই আনন্দ বলে বোঝাতে পারব না।’
তিন বোন আর এক ভাইয়ের সংসারে জলি সেজো। গুলশান ইন্টারন্যাশনাল স্কুলে এ লেভেলে পড়ছেন।
কথা হচ্ছে জলির সঙ্গে। তাঁর মুঠোফোন বেজেই চলেছে। জানালেন, আরও দুটি অফিসে যেতে হবে তাঁকে। যাওয়ার আগে পাঠককে প্রেক্ষাগৃহে গিয়ে ছবিটি দেখার জন্য অনুরোধ করলেন।