জলির হ্যাটট্রিক

শুরুতেই দুটি তথ্য দিলেন জলি। মেয়েটি এখন কোথায় যাবে চলচ্চিত্রের শুটিংয়ে কোনো মেকআপ নেননি। আর এক কাপড়ে টানা ১০ দিন শুটিং করেছেন তিনি। এসবের একটা কারণ আছে। এই চলচ্চিত্রে তাঁকে অভিনয় করতে হয়েছে ‘কৃষ্ণকলি’ নামের একটি চরিত্রে। নামের মতো এই চরিত্রে ঢুকতে তাঁকে পরিশ্রমও কম করতে হয়নি। তাই এসব তথ্য দেওয়ার পাশাপাশি জলি বললেন, ‘গ্রামের মেয়ের চরিত্র। স্বাভাবিকভাবে আমার আগের দুটি ছবির মতো নয়। তাই পরিশ্রমটা বেশি ছিল। কিন্তু আমি এমন চরিত্রে অভিনয় করে ধন্য।’
কথাসাহিত্যিক ইমদাদুল হক মিলনের লেখা উপন্যাস মেয়েটি এখন কোথায় যাবে অবলম্বনে একই শিরোনামে ছবিটি নির্মাণ করেছেন নাদের চৌধুরী। কাল মুক্তি পাচ্ছে ছবিটি।
তৃতীয় চলচ্চিত্রের অভিনয়ের অভিজ্ঞতা বলতেই গত সপ্তাহে প্রথম আলো কার্যালয়ে এলেন জলি। শুটিং শুরুর সময়কার ঘটনা বলতে গিয়ে বললেন, ‘চলচ্চিত্রের গল্পটা শুনে কিছুটা ভয় পেয়ে গিয়েছিলাম। কঠিন কঠিন সংলাপ, সঙ্গে একেবারেই নতুন পরিবেশ। পারব তো?’
মেয়েটি এখন কোথায় যাবে চলচ্চিত্রের শুটিং হয়েছে ভোলার দৌলতখান ও বিক্রমপুর। সেখানে লঞ্চে যেতে যেতে চিত্রনাট্য হাতে পান জলি। এক নিশ্বাসে পড়ে ফেলেন। কতটুকু পর্দায় ঠিকঠাক তুলে আনবেন সেটা দেখা যাবে আগামীকাল।
চরিত্রটি নিয়ে শুধু বললেন, ‘আমার চলচ্চিত্র জীবনের ছোট্ট সময়ে এই ছবি দিয়েই দর্শক হয়তো আমাকে মনে রাখতে পারবেন। সব চরিত্র ভেঙে এখানে এক ভিন্ন জলি তৈরি হয়েছে। আমার চলচ্চিত্রের সংখ্যা হিসেবে হ্যাটট্রিকটা একটা অন্য রকম চরিত্রের মাধ্যমে হলো।’
এই ছবিতে জলি অভিনয় করেছেন মামুনুর রশীদ, রাইসুল ইসলাম আসাদ, ফজলুর রহমান বাবুর মতো গুণী অভিনেতাদের সঙ্গে। এটাও একটা বাড়তি পাওনা। বললেন, ‘সহশিল্পীরা সবাই মঞ্চ ও টেলিভিশনের কিংবদন্তি। তাঁদের কাছ থেকে শুটিংয়ের এক মাস যা শিখেছি, তা অভিনয় জীবনের পুরো সময়টাতোই কাজে আসবে।’
টানা প্রায় এক মাস বালুচর, পানি, প্রচণ্ড গরমে, রোদে পুড়ে শুটিং করেছেন সবাই। এ কারণে মুখোমুখি হতে হয়েছে নানা ধরনের অভিজ্ঞতার। কথা শেষ করার আগে সে রকম একটি ঘটনার কথা বললেন এ অভিনেত্রী। ‘একদিন মেঘনার স্রোতে নৌকায় ভেসে শট দিতে গিয়ে অনেক দূর গিয়েছিলাম। ফেরার পথে দেখি, আমাদের লোকেশন থেকে প্রায় চার ঘণ্টার পথ সেটি। নৌকায় শুকনা খাবার ছাড়া কিছুই ছিল না সেদিন। ক্ষুধায় প্রচণ্ড কষ্ট হয়েছিল।’ এ রকম অনেক ঘটনা জমে আছে জলির এবারের শুটিং স্মৃতিতে।
উল্লেখ্য, এই ছবিতে জলির বিপরীতে অভিনয় করেছেন শাহরিয়াজ।