জলিল সাহেবের পিটিশন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্প: হুমায়ূন আহমেদ

আলী যাকের, ত্রপা মজুমদার ও গাজী রাকায়েত। নিজ নাটকে তিন নির্দেশকের পছন্দ তাঁরা
আলী যাকের, ত্রপা মজুমদার ও গাজী রাকায়েত। নিজ নাটকে তিন নির্দেশকের পছন্দ তাঁরা

চরিত্র:
জলিল সাহেব: আলী যাকের
আতিক: মাকসুদ (মাকসুদ ও ঢাকা)
বাড়িওয়ালা: দীপক কর্মকার
নাতনি: সাজনিয়া
দৃশ্য-১
সময়-বিকেল পাঁচটা
স্থান: বসার ঘর
চরিত্র: প্রফেসর আতিক ও জলিল সাহেব।
ঠিক দুই দিন আগেই প্রফেসর আতিক সাহেব আজিমপুরের এই বাসায় উঠেছেন। এখনো জিনিসপত্র গুছিয়ে উঠতে পারেননি। ব্যাচেলর মানুষ। বিকেল বেলায় নিজের জন্য এক কাপ চা বানিয়ে বারান্দায় বসেছেন, এর মধ্যে দরজায় নক। ৬০ বছর বয়সী বৃদ্ধ একজন। এই পাড়াতেই থাকেন। প্রথমে আতিক সাহেবের মনে হলো শুধু খোশগল্প করতেই এসেছেন এই বৃদ্ধ। কিন্তু একটু পর তাঁর ভুলটা একটু নড়বড়ে হলো।

বৃদ্ধ: আমার নাম আবদুল জলিল। ১৩/২, বাসা, আপনার এই গলিতেই। সামনে একটা নারকেলগাছ আছে।
আতিক: আমার নাম....
জলিল সাহেব: (জলিল সাহেব প্রফেসর আতিকের কথা কেড়ে নিলেন) হু...ম...আমি আপনাকে চিনি।
আতিক: চা খাবেন?
জলিল: না...আমি চা খাই না, পান খাই।
আতিক: কিন্তু পান তো দিতে পারব না...। এখানে কেউ পান খায় না।
জলিল: পান আমার সঙ্গেই আছে। বলেই নিজের জন্য একটা পান মুখে দিয়ে আরেকটা পান আতিক সাহেবের দিকে এগিয়ে দিলেন। নেন...পান শরীরের জন্য ভালো। পিত্ত ঠান্ডা থাকে।
আতিক: (আতিক সাহেব অনীহা সত্ত্বেও পানটা মুখে দিলেন)

আতিক সাহেবের মনে হলো লোকটি সহজে উঠবে না। কিন্তু পানটা মুখে দিয়েই লোকটি উঠে দাঁড়ালেন।

জলিল: যাই তাহলে। আপনার অনেকটা সময় নষ্ট করলাম। তবে আমি একটা জরুরি কথা বলতেই এসেছিলাম। আরেক দিন বলব।
আতিক: বলতে পারেন। কোনো সমস্যা না থাকলে।
জলিল: আজ না। বলতে তো হবেই। আপনি জ্ঞানী মানুষ। আপনি বুঝবেন। (জলিল সাহেব বেরিয়ে যায়)

মেজবাউর রহমান
মেজবাউর রহমান

দৃশ্য-২
স্থান: সিঁড়ি
সময়: বিকেল
চরিত্র: আতিক সাহেব ও বাড়িওয়ালা
আতিক সাহেব দরজা লাগাতে যাবেন এর মধ্যে বাড়িওয়ালা ওপরে উঠছিল দেখে দাঁড়িয়ে গেলেন।
আতিক: কেমন আছেন?
বাড়িওয়ালা: হুম...ভালো। িক সিগনেচার করেছেন?
আতিক: (কিছু না বুঝেই) কিসের সিগনেচার?
বাড়িওয়ালা: ওই যে জলিল সাহেবের পিটিশন। নিচে দেখা হলো। বুঝলাম আপনার কাছেই এসেছে। পাড়ায় নতুন কেউ এলেই...

আতিক: কিসের পিটিশন?
বাড়িওয়ালা: টের পেয়ে যাবেন। অত প্রশ্রয় দেবেন না। পাগল মানুষ।

দৃশ্য-৩
স্থান: নিউজ পেপার স্ট্যান্ড
সময়: বেলা ১১/১২টা
চরিত্র: আতিক ও জলিল সাহেব

আজ শুক্রবার। প্রফেসর আতিক নিউমার্কেট থেকে কিছু কাঁচাবাজার করে ফিরছিলেন। হঠাৎ রাস্তার পাশে জলিল সাহেবকে দেখতে পান। জলিল সাহেব উবু হয়ে পত্রিকা পড়ছেন।
আতিক: কী জলিল সাহেব, কী পড়ছেন এত মন দিয়ে?
জলিল সাহেব ফিরে তাকালেন। তারপর একটু হাসি দিয়ে—
জলিল: ভালো। একদিন যাব আপনার বাসায়। পিটিশনটা দেখাব। চৌদ্দ হাজার তিন শ ছত্রিশটা সিগনেচার জোগাড় হয়েছে।
আতিক: পিটিশন?
জলিল: পড়লেই বুঝবেন। আপনি জ্ঞানীগুণী মানুষ। আপনার বুঝতে কষ্ট হবে না। হে...হে...হে...।
আতিক: আচ্ছা...একদিন শুক্রবার ধরে চলে আসেন। পান নিয়ে আসবেন। ওটা খাওয়াতে পারব না কিন্তু।

অলংকরণ: মাসুক হেলাল
অলংকরণ: মাসুক হেলাল

দৃশ্য-৪
স্থান: আতিক সাহেবের বাসা
সময়: সন্ধ্যা
চরিত্র: প্রফেসর আতিক ও জলিল সাহেব
সন্ধ্যার সময় দরজায় নক। এই সময় কে এল আতিক সাহেব বুঝে উঠতে পারলেন না। দরজা খুলেই দেখলেন জলিল সাহেব। হাতে বিশাল একটা খাতা।
আতিক: আসেন আসেন।
জলিল: ঘুমুতে যাচ্ছিলেন নাকি?
আতিক: না... না...। এত তাড়াতাড়ি আমি ঘুমাই না। বই পড়ছিলাম।
(তারপর জলিল সাহেব ড্রয়িং রুমের বইয়ের তাকে কিছু বই নেড়েচেড়ে দেখলেন। এর মধ্যে আতিক চা নিয়ে এলেন। জলিল সাহেব এবার চায়ে চুমুক দিয়ে বিশাল ফাইলপত্র এগিয়ে দিলেন আতিক সাহেবের দিকে।)
আতিক সাহেব একটার পর একটা পৃষ্ঠা উল্টে দেখতে থাকলেন।
আতিক: চৌদ্দ হাজারের বেশি সিগনেচার!!
জলিল: চৌদ্দ হাজার তিন শত আটত্রিশটা—ভালো করে দেখেন।
আতিক: হুম...এটা তো...বিশাল ব্যাপার।

জলিল: দ্বিতীয় বিশ্বযুদ্ধে দশ লাখ ইহুদি মারা গিয়েছিল। সেই অপরাধে তাদের বিচার হইছে। কিন্তু এ দেশে ত্রিশ লাখ মানুষ মেরে অপরাধীরা পার পেয়ে গেল। এটার কোনো বিচার হবে না?
আতিক: অবশ্যই বিচার হবে।
জলিল: আপনি জ্ঞানী মানুষ। আপনাকে বোঝাতে দেরি হয় না। কিন্তু এই কাগজপত্র দেখে অনেকেই কিছু বুঝতে পারে না। আমাকে বলে বাদ দেন, পুরোনো গল্প, কেন টানতেছেন। বলেন এসব পুরোনো গল্প?
সবাই মনে করেছে আমি দুই দিন পরে ছেড়ে দেব। কিন্তু না আমি এইটা অনেক বছর ধরে করে যাচ্ছি। আমার দুই ছেলে যুদ্ধে মারা গেছে সে জন্য আমি এসব করছি না। ওরা যুদ্ধ করতে গিয়ে মারা গেছে। ওদের বিচার আমি চাই না। আমি বিচার চাই যাদের ঘর থেকে বের করে নিয়ে মেরে ফেলেছে। আমার কথা বুঝতে পেরেছেন?
(আতিক সাহেব কী বলবেন বুঝতে পারছেন না। তিনি জলিল সাহেবের দিকে তাকিয়ে থাকলেন ফাইলপত্রগুলো দেখতে দেখতে)
জলিল: অনেকগুলো পত্রিকার সঙ্গে যোগাযোগ করেছি। তারা তো পাত্তাই দিল না। কিছু সরকারি লোকজনের সঙ্গে যোগাযোগ করলাম। তারা বলে কী জানেন? বলে একটা পরিত্যক্ত বাড়ির জন্য দরখাস্ত করেন। আপনার দুই ছেলে যুদ্ধে মারা গেছে। বাড়ি পাওয়ার হক আছে আপনার। বুঝলেন কী স্পর্ধা। আমার ছেলেরা দেশের জন্য মারা গেছে আমার পরিত্যক্ত বাড়ি পাওয়ার জন্য?
(আতিক সাহেব কোনো কথা বলেন না। তিনি জলিল সাহেবের দিকে তাকিয়ে থাকেন)
দৃশ্য-৫
স্থান: পাড়ার বাড়ি
সময়: রাত/বৃষ্টি
চরিত্র: আতিক ও জলিল সাহেব

এর অনেক দিন পর এক বৃষ্টির রাতে রাস্তায় জলিল সাহেবের সঙ্গে দেখা।
জলিল: প্রফেসর সাহেব আর দেখা হলো না আপনিও ব্যস্ত আমিও ব্যস্ত।
আতিক: সিগনেচার কত জোগাড় হয়েছে?
জলিল: পনেরো হাজার। বেশি পারি না। মাসে তিন চার শর বেশি পারি না। তবে ছাড়বার লোক আমি না।
আতিক: না..না.. ছাড়বেন কেন? আমাকে কিছুতে লাগলে বলবেন।
জলিল: অবশ্যই অবশ্যই। কাঠগড়ায় দাঁড় করাব শালাদের। ইহুদিরা পেরেছে আমরা পারব না কেন? কি বলেন?

দৃশ্য-৬
স্থান: পাড়ার রাস্তা
সময়: বিকেল

(কিছুদিন পর বাড়িওয়ালার সঙ্গে দেখা আতিক সাহেবের। )
বাড়িওয়ালা: কেমন আছেন?
আতিক: এই তো ভালো।
বাড়িওয়ালা: আপনি নাকি বাসা ছেড়ে দিতে চাচ্ছেন। কোনো সমস্যা?
আতিক: না কোনো সমস্যা না। আসলে আমি চার-পাঁচ মাসের মধ্যে স্কলারশিপ নিয়ে বাইরে যাচ্ছি।
বাড়িওয়ালা: অহ... ভালো...ভালো...। খুব ভালো...। জলিল সাহেবের নাতনি এসেছিল আপনার খোঁজে গত পরশু। আপনি বাসায় ছিলেন না। আমার সঙ্গে দেখা হইছিল।
আতিক: আচ্ছা...কোনো সমস্যা...?
বাড়িওয়ালা: হুম...অসুস্থ মনে হয়। সারা দিন কাগজপত্র নিয়ে দৌড়াদৌড়ি...।
আতিক: হুম....অনেক বড় কাজ করছেন একা একা।
বাড়িওয়ালা: এ যাত্রায় আর টিকবে না মনে হয়। পাগল মানুষ...।

দৃশ্য-৭
স্থান: জলিল সাহেবের বাসা
সময়: বিকেল
চরিত্র: আতিক সাহেব, জলিল সাহেব ও তাঁর নাতনি।

আতিক: এই কী অবস্থা আপনার?
(আতিক সাহেবের দিকে অনেকক্ষণ তাকিয়ে থেকে তারপর চিনতে পারলেন।)
জলিল: প্রফেসর সাহেব। কেমন আছেন? আর বেশি দিন বাঁচব না।
আতিক: না বাঁচলে চলবে...? এত বড় একটা প্রজেক্ট হাতে নিয়েছেন।
জলিল: ওইটার জন্যই টিকে আছি। ত্রিশ লাখ লোক মেরেছে বুঝলেন। একটা দুইটা না।
কাট-টু

দৃশ্য-৮
চরিত্র: আতিক সাহেব, জলিল সাহেব, নাতনি

একদিন আতিক সাহেব আজিমপুর থেকে বাসা বদলাচ্ছেন
কাট-টু
জলিল সাহেব আবার হয়তো সুস্থ হলেন। বগলে ফাইলপত্র নিয়ে আবার ঘুরতে থাকলেন। শহর থেকে গ্রামে।
কাট-টু
আরও কিছু বর্ষা
কাট-টু
আরও কিছু শীত
কাট-টু
হয়তো পাঁচ বছর পর আতিক সাহেব বিদেশ থেকে ফিরলেন। তারপর কোনো এক সন্ধ্যায় জলিল সাহেবের বাসায়ও এলেন। দরজা খুললেন জলিল সাহেবের নাতনি।
আতিক: তুমি কি জলিল সাহেবের নাতনি?
মেয়েটি: হুম...?
আতিক: তিনি বাড়ি আছেন?
মেয়েটি: না, দাদু তো মারা গেছে দুই বছর আগে।
আতিক: ও...। আমি তোমার দাদুর বন্ধু।
মেয়েটি: ভেতরে আসেন। (ভেতরে একটা সোফায় বসতে বসতে )
আতিক: তোমার মা বাসায় আছেন?
মেয়েটি: না বাসায় নেই। স্কুলে। আজ একটু দেরি হবে।
আতিক: তোমার দাদু যে মানুষের সিগনেচার জোগাড় করতেন সেই সব আছে?
মেয়েটি: জি আছে। কেন?
আতিক: তোমার দাদু যে কাজটা করেছিলেন সেটা শেষ করা উচিত না?
(মেয়ে হেসে ওঠে।)
মেয়েটি: দাদু বলেছিল একদিন কেউ না-কেউ এই ফাইলটা নিতে আসবে। আপনি একটু অপেক্ষা করেন মা চলে এলে সেগুলো দেখাতে পারব।
আতিক: আজ না। আরেক দিন আসব। আমার আজ একটু তাড়া আছে।
আতিক সাহেব চলে যাওয়ার দিকে মেয়েটি তাকিয়ে থাকে। অনেকক্ষণ তাকিয়ে থাকে।
কাট-টু
এই শহরে বর্ষা যায়
কাট-টু
আবার রোদ আসে
কাট-টু
তারপর শীত
কাট-টু
অনেক ব্যস্ততায় আতিক সাহেবের আর আসা হয় না।