জলের গানের ‘অতল জলের গান’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলের গান সেই ২০০৬ সাল থেকে গান করছে। এ পর্যন্ত গানের দলটি গেয়েছে অসংখ্য গান। কিন্তু অ্যালবাম আকারে তাদের কোনো গান আসেনি। এবারই প্রথম তারা অ্যালবাম করেছে। নাম দিয়েছে অতল জলের গান। প্রথম অ্যালবাম, তাই আনন্দের শেষ নেই দলটির সদস্যদের। রাহুল আনন্দ বলেন, ‘জলের গানের গানগুলো ছেড়ে দিচ্ছি। অনেক দিন তো নিজেদের কাছে রেখেছি। ঘটনাটি ঘটাচ্ছি শুক্রবার।’রাহুল জানান, মাছরাঙা টিভিতে শুক্রবার দুপুরে ‘ইচ্ছে গানের দুপুর’ অনুষ্ঠানে গান করবে জলের গান। এই অনুষ্ঠানেই অ্যালবামটির প্রকাশনাও হয়ে যাবে। আর তাই তারা আমন্ত্রণ জানিয়েছে আইয়ুব বাচ্চুকে। রাতে অ্যালবামটির রেডিও মুক্তি হবে এবিসি রেডিওতে। রাত নয়টা থেকে এবিসি রেডিওতে গান করবে জলের গান।অতল জলের গান অ্যালবামে থাকছে জলের গানের খুব জনপ্রিয় হওয়া গান—বকুল ফুল, এমন যদি হতো, পাতার গান, ঝরাপাতার গান, রঙের গান, দূরে থাকা মেঘ, আয়না (সঙ্গে কণ্ঠ দিয়েছেন আনুশেহ্ আনাদিল), কাগজের নৌকা, উড়ছি কেন, বাউলা বাতাস ১ ও বৃষ্টির গান। অতল জলের গান সিডি আকারে শুক্রবার থেকে পাওয়া যাবে দেশাল ও যাত্রার বিক্রয়কেন্দ্রে। গানগুলো যে কেউ শুনতে পাবেন www.jolergaan.com ও www.melabel.net ওয়েবসাইট থেকে।