জলের গানের 'পাতালপুরের গান'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জলের গান ব্যান্ডের সদস্যরা । ছবি: প্রথম আলো
জলের গান ব্যান্ডের সদস্যরা । ছবি: প্রথম আলো

সাত সমুদ্র তেরো নদীর ওপারে একটি রাজ্য। এই রাজ্যের কোনো রাজা-রািন নেই। নেই কোনো রাজকুমার কিংবা রাজকুমারী৷ নেই রাজসভা কিংবা মন্ত্রিপরিষদ। সেনাপতি আর কোনো সেনাবাহিনী নেই। এখানে ঘোড়াশালে ঘোড়া নেই, হাতিশালে হাতি নেই, টাঁকশালে টাকা নেই। আর এগুলো দেখাশোনার জন্য কোনো মানুষও নেই। এই রাজ্যের কোনো সীমানা নেই। এই রাজ্যের মানুষগুলো সবচেয়ে সুখী। তাদের দিন কাটে গান গেয়ে, নাচ করে আর আনন্দ করে। এমনি একটি রাজ্যে যাওয়ার স্বপ্ন দেখেন আটজন তরুণ। তাঁরা সবাই জলের গানের সদস্য। রূপকথার এমনি ভাবনা নিয়ে জলের গান এবার তৈরি করেছে তাদের নতুন অ্যালবাম। নাম পাতালপুরের গান। আসছে ১ জুন।
জলের গানের সদস্য কনক আদিত্য বলেন, ‘পুরো একটি বছর নানা অস্থিরতা আর অস্বস্তিকর পরিবেশ আমরা পার করে এসেছি। আমরা তা থেকে মুক্তি পেতে চাই। তার প্রভাব পড়েছে আমাদের গানগুলোর কথা, সুর আর গায়িকতে।’
রাহুল আনন্দ বলেন, ‘গানগুলো আরও আগেই তৈরি হয়েছে। এরপর বিভিন্ন কনসার্টে আমরা গানগুলো গেয়েছি। শ্রোতাদের প্রতিক্রিয়া দেখেছি। সেই বিবেচনা থেকেই আমরা অ্যালবামের গানগুলো চূড়ান্ত করেছি।’
জলের গানের প্রথম অ্যালবাম অতলজলের গান বেরিয়েছিল গত বছর। প্রথমটির মতো দ্বিতীয়টিরও প্রযোজনা আর বিপণন করবে জলের গান।
কনক বলেন, ১ জুন বেলা আড়াইটায় চ্যানেল আইয়ে ‘ওয়ালটন ঘরে ঘরে গানের উৎসব’ অনুষ্ঠানে আর রাত ১১টায় রেডিও স্বাধীনে গান করবে জলের গান। এই দুটি অনুষ্ঠানে অ্যালবামটির মোড়ক খুলবেন জলের গানের সদস্যরা।