
নৌকাগুলো জলের ওপর ভাসতে দেখা গেল। ফ্রেমের ভেতরে নৌকার ছবি, সেগুলো ভাসবে কেন! দৃষ্টিভ্রম হতে পারে। আসলে ফ্রেমটি ঝুলছিল ধানমন্ডির শিল্পাঙ্গন গ্যালারির দেয়ালে। জলরঙে আঁকা সেই নৌকাগুলোর আশপাশে ছিল আরও অনেক ফ্রেম। সেসব ছবিতে সবুজের সমারোহ। প্রকৃতিতে বর্ষা এসেছে—তা-ই যেন মনে করিয়ে দেয় ছবিগুলো।
সারিবদ্ধ ছবি পার হয়ে পাশের ঘরে গিয়ে দেখা মিলল আরও এক সারি ছবির। তারপর আরও এক সারি। এই ছবির সব কটিই জলরঙে আঁকা। ছবিগুলোর ভেতর পাওয়া গেল রমনা পার্ক, কার্জন হল, ধানমন্ডি লেক, সোয়ারীঘাট, চিড়িয়াখানা, আমিনবাজার, বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, মেঘনাঘাটসহ মোট ১২টি স্থানের দৃশ্য। গত বছর এই জায়গাগুলো ঘুরে ঘুরেই একটি চিত্রকর্মশালা পরিচালনা করেছিল শিল্পীদের একটি দল ‘জলের ধারা’। মূলত জলরং নিয়ে কাজ করে দলটি। তাদের পর্যবেক্ষণ হচ্ছে, জলরং নিয়ে এখন খুব বেশি কাজ আর হচ্ছে না। ছবির এই ধারার চর্চা চলমান রাখতে তাই একটি আন্দোলন শুরু করেছে তারা। সেটারই অংশ হিসেবে প্রতিবছর একটি করে আর্ট ক্যাম্প, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন করে এই দল। ক্যাম্পে সমবেত হয়ে আলোচনা ও মতবিনিময় করেন জলরং নিয়ে কাজ করা শিল্পীরা। কর্মশালায় মূলত নতুনদের শেখানো হয়। আর নতুন-পুরোনোদের আঁকা ছবি নিয়ে আয়োজন করা হয় প্রদর্শনীর। তেমনটিই জানালেন দলটির অন্যতম সদস্য শিল্পী সোহাগ পারভেজ। গত বছরের ৫ থেকে ১৬ নভেম্বর তাঁদের কর্মশালায় অংশ নিয়েছিলেন সারা দেশের বিভিন্ন চারুকলা ইনস্টিটিউটের ১২০ জন শিক্ষার্থী। তাঁদের আঁকা জলরঙের নির্বাচিত ছবিগুলো নিয়ে গত শনিবার থেকে শুরু হয়েছে একটি প্রদর্শনীর। সেদিন সন্ধ্যায় প্রদর্শনীটি উদ্বোধন করেন চিত্ররসিক ইনাম আহমেদ চৌধুরী। শিল্পী সমরজিৎ রায়চৌধুরীও সে সময় উপস্থিত ছিলেন।
গ্যালারিতে গেলে জলরঙে আঁকা ৫৮টি ছবি দেখা যাবে। প্রদর্শনীতে ঘুরে আসার সুযোগ আছে আগামী ৩ জুলাই পর্যন্ত, প্রতিদিন দুপুর ১২টা থেকে রাত আটটার মধ্যে।