জল্লাদের মুখোমুখি
সবাই যাকে জল্লাদ বলে জানে, আইন-আদালতের ভাষায় তাকে বলা হয় ‘হ্যাঙম্যান’। এবার সেই হ্যাঙম্যানের মুখোমুখি হলেন আফসানা মিমি। তখন কেমন অনুভূতি হয়েছিল তাঁর? লোকটিকে দেখে ঘাবড়ে গিয়েছিলেন? নাকি ঘামছিলেন? পুরো ব্যাপারটা কিন্তু সে রকমই।বাংলাভিশনের জন্য তৈরি হচ্ছে নতুন অনুষ্ঠান মনের কথা। এখানে জল্লাদসহ মলম পার্টি, ছিনতাইকারী, অজ্ঞান পার্টি—এমনি নানা রহস্যময় চরিত্রের মনের কথা জানার চেষ্টা করা হবে। আর কাজটি করছেন মিমি।পুলিশের ডিআইজির (প্রিজন) কাছ থেকে এই হ্যাঙম্যানের পরিচয় পাওয়া যায়। এরপর নেত্রকোনার নওগর থেকে ঢাকায় আনা হয় তাকে। এক খুনের মামলায় ৩১ বছরের সাজা হয়েছিল তার। দীর্ঘ কারাজীবনে নয়টি ফাঁসি কার্যকর করেছে সে। এ ছাড়া ভালো আচরণসহ আরও নানা কারণে তার ১০ বছরের সাজা মওকুফ হয়। এ বছর রমজানের ঈদের আগে মুক্তি পায় লোকটি। সামাজিক অবস্থানের কথা ভেবেই অনুষ্ঠানে তার আসল পরিচয় গোপন রাখা হয়।অনুষ্ঠানটির পরিচালক ও বাংলাভিশনের অনুষ্ঠান বিভাগের প্রধান শামীম শাহেদ বললেন, ‘অনুষ্ঠানে এই রহস্যময় মানুষগুলো নিজেদের জীবনযুদ্ধের কথা বলছে। পাশাপাশি স্বাভাবিক জীবনে ফিরে আসার পরের অবস্থাও তুলে ধরছে।’২০ ডিসেম্বর থেকে অনুষ্ঠানটি বাংলাভিশনে দেখানো হবে।