জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে যাচ্ছে না নাটকের কোনো দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মহড়াকক্ষের অভাবে ঠিকমতো মহড়া করতে পারছি না’, ‘হলের অভাবে মাসে একটির বেশি প্রদর্শনী করতে পারি না’—নাট্যকর্মীদের কাছ থেকে এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। অথচ পুরান ঢাকার লোহারপুল এলাকার জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের হলটি মাসে অর্ধেকেরও বেশি সময় খালি পড়ে থাকে। গত বৃহস্পতিবার সরেজমিনে দেখা গেছে, হলে নাটক কিংবা অন্য কোনো অনুষ্ঠান হচ্ছে না, খালি পড়ে আছে মহড়াকক্ষ দুটিও। কেন এ অবস্থা? এ ব্যাপারে জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রের তত্ত্বাবধায়ক অমরেশ মণ্ডল বলেন, ‘গ্রুপ থিয়েটার ফেডারেশনভুক্ত কোনো দল এখানে নাটক করে না, মহড়া করতেও আসে না। স্থানীয় কিছু সংগঠন মাঝেমধ্যে হল ভাড়া নেয়। তাই মাসের বেশির ভাগ সময় হলটি খালি পড়ে থাকে।’ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাধারণ সম্পাদক ঝুনা চৌধুরী বলেন, ‘আধুনিক সব রকম সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে নাটক করতে ফেডারেশনভুক্ত দলগুলো আগ্রহ দেখাচ্ছে না। এটা দুঃখজনক। এর একটি বড় কারণ যাতায়াতের সমস্যা। তা ছাড়া ভাড়াও বেশি। ফলে হলটি এখনো জমে ওঠেনি। তবে ফেডারেশনের পক্ষ থেকে আমরা এ ব্যাপারে শিগগিরই কিছু উদ্যোগ নেওয়ার পরিকল্পনা করেছি। আমরা ঠিক করেছি, গ্রুপ থিয়েটার ফেডারেশনের যেসব দল বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটার হল এবং বেইলি রোডে মহিলা সমিতিতে নাটক করে, ওই দলগুলোর কাছে আমাদের অনুরোধ থাকবে, তারা যেন মাসে অন্তত একটি প্রদর্শনী জহির রায়হান সাংস্কৃতিক কেন্দ্রে করে। ঈদের পরই এ ব্যাপারে জোর তৎপরতা চালানো হবে।’