জহির রায়হানে নিয়মিত নাটক মঞ্চায়ন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের উদ্যোগে পুরান ঢাকার একমাত্র আধুনিক মিলনায়তন জহির রায়হান সাংস্কৃতিককেন্দ্রে আবারও নাটক মঞ্চায়ন শুরু হয়েছে। গত ৭ অক্টোবর থেকে মাসব্যাপী সপ্তাহে তিন দিন—বৃহস্পতি, শুক্র ও শনিবার চলছে নাটক মঞ্চায়ন।২০০৮ সালে পুরান ঢাকার সূত্রাপুরে জহির রায়হান সাংস্কৃতিককেন্দ্র নামে আধুনিক নাট্য মিলনায়তনের যাত্রা শুরু হওয়ার পর নাট্যবোদ্ধারা আশা করেছিলেন, যানজটের এই ঢাকা শহরের পুরান ঢাকার দর্শকদের নাটক দেখার সুযোগ মিলবে। সেই সময় ১৫ দিনব্যাপী ফেডারেশনের উদ্যোগে ঢাকার সেরা দলগুলোর সেরা সেরা নাটক নিয়ে উৎসবও হয়েছিল। কিন্তু নাটকের জন্য জায়গাটি নতুন হওয়ায় দর্শকের আগ্রহ তেমন একটা দেখা যায়নি। দুই বছর আগে আবারও মিলনায়তনটিকে নিয়মিত নাটক মঞ্চায়নের আওতায় আনার জন্য ফেডারেশন সপ্তাহব্যাপী উৎসব করে। তাতেও সুফল আসেনি। ফলে পরবর্তী সময়ে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের নেতাদের আগ্রহ থাকা সত্ত্বেও ফেডারেশনভুক্ত অনেক দলই সেখানে আর নাটক করার আগ্রহ দেখায়নি। ফলে সব চাপ গিয়ে পড়ে জাতীয় নাট্যশালায়। সেখানে ঢাকার নিয়মিত প্রায় ৬০টি দলকে বরাদ্দ দিতে হিমশিম খাওয়ার মতো অবস্থা। এ অবস্থায় ফেডারেশনের নেতারা আবারও উদ্যোগ নেন জহির রায়হান সাংস্কৃতিককেন্দ্রে নিয়মিত নাটক মঞ্চায়নের।এ ব্যাপারে ফেডারেশনের ঢাকা মহানগরের সাংগঠনিক সম্পাদক আহাম্মদ গিয়াস বলেন, ‘আমরা দীর্ঘদিন থেকে ঢাকার একাধিক জায়গায় জাতীয় নাট্যশালার বিকল্প হিসেবে নাট্যমঞ্চ আবিষ্কারের চেষ্টা করে আসছি। যেহেতু জহির রায়হান সাংস্কৃতিককেন্দ্রটি নাটকের জন্য আধুনিক মিলনায়তন। তাই যেভাবেই হোক, এখানে বড় দলগুলোকে নিয়মিত নাটক করে জায়গাটিকে নাটকের জায়গা হিসেবে পরিচিত করতে হবে। কেননা, পুরান ঢাকায় নাটকের অনেক দর্শক আছে। কিন্তু যানজটের কারণে তারা সময়মতো আসতে পারে না। মিলনায়তনটি নিয়মিত হলে ওখানকার দর্শকেরা নাটক দেখার সুবিধা পাবে। জাতীয় নাট্যশালায় নাটক মঞ্চায়নের চাপ কমবে।’এদিকে ফেডারেশনের অনুষ্ঠান সম্পাদক চন্দন রেজা জানান, এ মাসে ১২টি দল এখানে নাটক করছে। ৭ অক্টোবর মঞ্চস্থ হয় প্রাঙ্গণেমোর নাট্যদলের শ্যামাপ্রেম, ৮ অক্টোবর লোক নাট্যদল সিদ্ধেশ্বরীর কঞ্জুস। আর ১৪ অক্টোবর মঞ্চস্থ হবে উদীচী নাটক বিভাগের বৌবসন্তী, ১৫ অক্টোবর নাট্যচক্রের ভদ্দরনোক, ১৬ অক্টোবর থিয়েটার আর্ট ইউনিটের কোর্ট মার্শাল, ২১ অক্টোবর নান্দনিক নাট্য সম্প্রদায়ের ক্লিওপেট্রা, ২২ অক্টোবর ঢাকা থিয়েটার মঞ্চের ঘরজামাই, ২৩ অক্টোবর প্রাচ্যনাটের সার্কাস সার্কাস, ২৯ অক্টোবর আরণ্যক নাট্যদলের এবং বিদ্যাসাগর, ৩০ অক্টোবর অঙ্গীকার নাট্যদলের গ্যালিভারের সফর ও ৩১ অক্টোবর দুটি নাটকের দল শব্দচর্চাকেন্দ্র ও নাটুকে ঠাকুর ঘরে কে রে। চন্দন রেজা বলেন, ‘পুরান ঢাকার ঐতিহ্যবাহী জহির রায়হান মিলনায়তনটিকে আমরা নিয়মিত নাটক মঞ্চায়নের আওতায় আনতে চাচ্ছি। সে জন্য মিলনায়তনটিতে সেরা সেরা নাটক মঞ্চায়ন করা হচ্ছে, যাতে এখানে নিয়মিত দর্শক আসে। পুরান ঢাকার কিছু দল এখানে নাটক করে। তারা মূলত বাণিজ্যিক নাটকই বেশি করে। ফলে এসব দলকে নিয়ে পর্যায়ক্রমে কর্মশালার ব্যবস্থা করা হবে।’ তিনি আরও বলেন, ‘এখানে নিয়মিত নাটক মঞ্চায়নের আওতায় আগামী মাসে ঢাকা থিয়েটার, নাগরিক নাট্য সম্প্রদায়, নাট্যকেন্দ্র, সুবচন নাট্য সংসদসহ একাধিক দল নাটক পরিবেশন করবে।’এদিকে জহির রায়হান মিলনায়তনটির নির্মাণের শুরু থেকেই ফেডারেশনের পক্ষ থেকে দায়িত্বে ছিলেন ফেডারেশনের সাবেক সভাপতি ম. হামিদ। তিনি বলেন, ‘আমরা এই মিলনায়তনটি নির্মাণের জন্য অনেক কষ্ট করেছি। তবে মিলনায়তনটিকে নাট্যমঞ্চের আওতায় আনতে সিটি করপোরেশন আমাদের বেশি সহযোগিতা করেছে। আমরা মিলনায়তনটির ডিজাইন যেভাবে দিয়েছি, সেভাবেই সিটি করপোরেশন রাজি হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুরান ঢাকায় বিরাট জনগোষ্ঠী বসবাস করে। মিলনায়তনটি হওয়ার ফলে সেখানকার মানুষের মঞ্চনাটকের সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ হয়েছে। আমরা ২০০৮ সাল থেকেই মিলনায়তনটিকে নিয়মিত নাটক মঞ্চায়নের আওতায় আনার চেষ্টা করছি। এবার একটু বড় আকারে চেষ্টা করা হচ্ছে। যদি দর্শক এবং নাট্যকর্মীরা বিষয়টি ইতিবাচক হিসেবে নেন, তাহলে তাঁদের সাধুবাদ জানাব।’