জহির রায়হানের জন্মদিনে উদীচী'র চলচ্চিত্র উৎসব

‘প্রতিরোধে প্রস্তুত ক্যামেরা’-এই স্লোগান নিয়ে আগামী শুক্রবার উদ্যাপিত হতে যাচ্ছে উদীচী’র ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’ । বাংলাদেশের চলচ্চিত্র জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্রমহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক জহির রায়হান-এর ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে এ উৎসব।
উদীচীর প্রচার সম্পাদক কঙ্কণ নাগ প্রথম আলোকে জানান, শুক্রবার সকাল ১০টায় কেন্দ্রীয় গণ-গ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে উদীচী ঢাকা মহানগর সংসদ আয়োজিত এ উৎসবের উদ্বোধন করবেন বরেণ্য চলচ্চিত্র নির্মাতা মানজারে হাসিন মুরাদ। এ ছাড়া, দিনব্যাপী এ উৎসবে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী, সহসভাপতি শংকর সাঁওজাল, জহির রায়হান-এর ছেলে অনল রায়হান, জহির রায়হান-এর বড় ভাই শহীদ বুদ্ধিজীবী শহীদুল্লাহ কায়সারের মেয়ে শমী কায়সার এবং ভারতের প্রখ্যাত প্রামাণ্যচিত্র নির্মাতা সৌমিত্র দস্তিদার। শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে এ উৎসব।
উদীচী আয়োজিত ‘জহির রায়হান চলচ্চিত্র উৎসব’-এ বাংলাদেশের চলচ্চিত্র আন্দোলনের নানা পর্যায় এবং ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবেন আমন্ত্রিত অতিথিরা। থাকবে জহির রায়হান-এর জীবন, কর্ম ও আদর্শ নিয়ে নানা আলোচনা। এ ছাড়া থাকবে সারা দিনে বেশ কয়েকটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র এবং প্রামাণ্যচিত্র। এর মধ্যে উল্লেখযোগ্য হলো জহির রায়হান নির্মিত প্রামাণ্যচিত্র ‘স্টপ জেনোসাইড’, সেন্টু রায় নির্মিত জহির রায়হানের জীবনীভিত্তিক চলচ্চিত্র ‘জহির রায়হান’, তারেক মাসুদ নির্মিত চলচ্চিত্র ‘রানওয়ে’ এবং কামার আহমেদ সাইমন নির্মিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘শুনতে কি পাও’।