জাঁকালো উৎসবে নিপীড়িতের জীবনছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুব ছোটবেলায় যখন চলচ্চিত্রবিষয়ক বই পড়া শুরু করেছিলাম, তখন থেকেই কান চলচ্চিত্র উৎসবের নাম শুনে আসছি। ফ্রান্সের এই চলচ্চিত্র উৎসব আলোকিত করেছিল সত্যজিৎ রায়, মৃণাল সেনদের মতো নির্মাতাদের ছবি। ইচ্ছে ছিল যদি কোনো দিন সুযোগ হয় এই উৎসবে একবার যাওয়া চাই। নিজের সিনেমা নিয়ে না এলেও, একজন চলচ্চিত্র-অনুরাগী হিসেবে কান উৎসবের অ্যাক্রিডিটেশন (অংশগ্রহণ পাস) পেয়ে আর দেরি করলাম না। দীর্ঘদিন বিজ্ঞাপনচিত্র নির্মাণের সুবাদে যে অর্থ উপার্জিত হয়েছে, তা দিয়ে বিশ্বের সবচেয়ে বড় সিনেমামিলনে ঘুরে আসাটা নিজের সিনেমা বানানোর রসদ ভালোই দেবে আশা করেছিলাম। এই লেখা যখন লিখছি, তখন আমি এই উৎসবের মাঝামাঝি সময় পার করছি, উৎসবের চতুর্থ দিন চলছে। কান শহরে এসে পৌঁছাই ১০ মে, অর্থাৎ উৎসবের এক দিন আগে। শিল্প আর ঐতিহ্যের শহর প্যারিস থেকে নিস বিমানবন্দর। বিমানে এক ঘণ্টার দূরত্ব। কানের কাছাকাছি নিসই সবচেয়ে বড় বিমানবন্দর। সেখান থেকে মাত্র ৩০ মিনিটে এসে পৌঁছাই কান উৎসব নগরে। শুরুতে কান শহরটা ছোট আর শান্ত মনে হলেও উৎসবের দিন ভোজবাজির মতো কান তার চেহারা পাল্টে ফেলল। যাকে বলে সত্যিকার উৎসবের নগর। শিগগিরই বুঝতে পারলাম, গরিবদের জায়গা না এটা। কোটিপতি আর বিশ্বসেরা তারকাদের আসরে হিমশিম খাচ্ছিল তৃতীয় বিশ্ব থেকে আসা একজন বিজ্ঞাপনচিত্র নির্মাতা। এত কিছুর ভিড়ে খেই খুঁজে পেতেই শুরুর দু-একদিন কেটে গেল। ধীরে ধীরে বুঝতে পারছিলাম কান উৎসবের গঠন আর এর বৈচিত্র্য। ১৯৩৯ সালে লুমিয়ের কান চলচ্চিত্র উৎসবের প্রেসিডেন্ট হন, সেখান থেকে এর যাত্রা শুরু। ১৯৪৭ সাল থেকে তৈরি হয় পালে ডে ফেস্টিভ্যাল (Palas de festival) সেই পালে ডে ফেস্টিভ্যালই বর্তমানের মূল উৎসব ভেন্যু। এই বিশাল ভেন্যুজুড়ে ১০ দিনব্যাপী দুনিয়ার প্রায় ৩০ হাজার অ্যাক্রিডিটেশনপ্রাপ্ত সিনেমাব্যক্তিত্ব এখানে ঘোরাঘুরি করেন। আকর্ষণ বলতে এখানে অনেক কিছুই, তার মধ্যে ‘প্রতিযোগিতা’ বিভাগে আছে প্রায় ২০টি ছবি। উডি অ্যালেনের মিডনাইট ইন প্যারিস দিয়ে উৎসব শুরু হয় পালা ডে লুমিয়ারের হলে। ১২ মে থেকে উৎসবের অন্য শাখা যেমন—un certain regard, la selection cine foundation, cannes classic, marche du film-সহ বিভিন্ন শাখায় প্রায় ১৫টা হলে চলছে সিনেমা প্রদর্শনী। প্রধান উৎসবের বাইরে চলছে আরও চারটি প্রতিযোগিতা। এই কদিনে আমি যে সিনেমাগুলো দেখতে পেরেছি তার মধ্যে আছে গাস ভ্যান স্যান্টের রেস্টলেস, মলওয়েনের পুলিশ, ইভান সেনের টুমিলেহ, নারানজোর মিস বেলা, কিম কি দুকের আরিরাং, জিমেনেজের বনসাই। সারা দিন সিনেমাগুলো সাধারণ পোশাকে দেখতে গেলেও সান্ধ্যকালীন রেড কার্পেটের সিনেমা দেখতে হলে যেতে হয় একদম খানদানি কায়দায়, অর্থাৎ কালো স্যুট বো টাই অথবা ট্যাক্সিডো পরে। পৃথিবীসেরা তারকাদের সঙ্গে সিনেমা উপভোগ করতে গিয়ে তাঁদের পর্দার চরিত্র আর সামনাসামনি চেহারার মনে হলো বিশাল ফারাক। যে সিনেমাগুলো আমি দেখেছি, তার সব কটিই খুব নিপীড়িত মানুষের কাহিনি। সুতরাং পর্দায় তাঁদের অভিনয় দেখে কখনো ভাবা যায় না সত্যিকার তাঁদের এই জমকালো জীবন। কোরিয়ান নির্মাতা কিম কি দুকের আরিরাং খুব অদ্ভুত একটা ছবি। তাঁর অন্য ছবি আগ্রহ নিয়ে দেখলেও এই ছবিটা পুরোটা দেখার ধৈর্য হয়নি। এই সিনেমায় কিম কি দুক নিজে অভিনয় করেছেন। ছবিতে তিনি তাঁর চলচ্চিত্রদর্শন আর জীবনদর্শন বলে গেছেন, দুঘণ্টা ধরে। শুনতে অস্থিরই লাগছিল। মলওয়েনের পুলিশ তৈরি হয়েছে সত্য ঘটনা অবলম্বনে। প্যারিসের একটি বিশেষ পুলিশ দলের জীবনকাহিনি নিয়ে ছবি। এই পুলিশ দল মূলত শিশুদের ওপর যৌন নির্যাতন প্রতিরোধ করে। মলওয়েন টিভিতে একটি ডকুমেন্টারি দেখে এই বিষয়ে সিনেমা বানানোর জন্য উদ্বুদ্ধ হন। এটা পরিচালকের প্রথম ছবি হলেও অভিনেতা-অভিনেত্রীদের অসম্ভব সাবলীল অভিনয়ে কানের দর্শকদের মুগ্ধ করেছে। প্রদর্শনীর পরপর বিপুল করতালিতে তাঁকে অভিবাদন জানানো হয়। ইভান সেনের টুমিলেহ অনেক ভালো লেগেছে। ডিজিটাল ফরম্যাটে বানানো অস্ট্রেলিয়ান এ সিনেমায় টুমিলেহ এলাকার এক ড্রাগ ডিলারের গল্প বলা হয়েছে। কান চলচ্চিত্র উৎসবের উল্লেখযোগ্য আরেকটা দিক Marche du film। এটি মূলত সিনেমাবাজার। এখানে সারা দুনিয়ার সিনেমা কোম্পানি তাদের সিনেমা বিপণন করতে আসে। শত শত স্টলে বিভক্ত এই কোম্পানিগুলো মিলিত হয় নতুন চলচ্চিত্রকার, পরিবেশক আর উৎসব উদ্যাপকদের সঙ্গে। এ ছাড়া উৎসব ঘিরে আছে সব দেশের প্যাভিলিয়ন (অবশ্য বাংলাদেশ ছাড়া)। এসব প্যাভিলিয়নে সে সব দেশের সিনেমাচর্চাবিষয়ক আলাপচারিতা চলে সর্বক্ষণ। যখন ঘুরে ঘুরে এসব প্যাভিলিয়ন দেখছিলাম, তখন সত্যি নিজের দেশের ঘর কেন নেই, এর কোনো কারণ খুঁজে পাচ্ছিলাম না। হয়তো ভবিষ্যতে এফডিসি থেকে বা কোনো বেসরকারি উদ্যোগে আমাদের পতাকাও কান উৎসবে উড়বে। সেই প্রত্যাশায় থাকলাম।