জাগরণের গান-২ প্রকাশ, দিনভর প্রেরণাদীপ্ত উৎসব
গানের সঙ্গে বাঙালির প্রাণের সংযোগ। প্রায় ২০০ বছর আগে প্রথম বাংলা নাটকের রচয়িতা গোরাসিম লেবেদফ বাঙালির চারিত্রিক বৈশিষ্ট্যের উল্লেখ করতে গিয়ে বলেছিলেন, বাঙালি গান ভালোবাসে। এই সংযোগ, এই ভালোবাসা কেবল আনন্দ-আস্বাদন থেকে নয়, গানের মধ্যে বাঙালি প্রকাশ করেছে দুঃখ-বেদনার অনুভূতি, গভীর ভাবনা, ক্রোধ-ক্ষোভ, প্রতিরোধ-প্রতিবাদের কথাও। সুখের দিনে গান হয়েছে বাঙালির আনন্দের অনুষঙ্গ, তেমনি সংকটকালে প্রেরণা ও সাহসের অফুরান উৎস। দীর্ঘকালের সংগ্রামের প্রত্যয় ও উদ্দীপনায় ভাস্বর গানগুলো একত্র করে নতুন দিনের বাঙালির কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। সেই কর্মোদ্যোগের ধারাবাহিকতায় গতকাল শুক্রবার প্রকাশিত হলো তাদের জাগরণের গান-২ নামের নতুন অ্যালবাম। এই অ্যালবামের ছয়টি অডিও সিডিতে ধারণ করা হয়েছে ১০১টি গণসংগীত। গত বছরের ১২ ডিসেম্বর প্রকাশিত জাগরণের গানের প্রথম অ্যালবামে ছিল ৭১টি গণসংগীত।শীতের দিনের রোদেলা সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের পাশের উন্মুক্ত মঞ্চে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সঙ্গে নিয়ে জাগরণের গান-২ অ্যালবামের মোড়ক উন্মোচন করেন তথ্য ও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ। মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান বাংলালিংকের সহযোগিতায় প্রকাশিত সিডিটি এখন পাওয়া যাবে সারা দেশেই। অ্যালবামের সহযোগী প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। সার্বিক ব্যবস্থাপনায় স্টেপ মিডিয়া।সকালে উৎসব শুরু হয়েছিল একঝাঁক খুদে আঁকিয়ের ছবি আঁকার প্রতিযোগিতার মধ্য দিয়ে। মঞ্চের সামনে খোলা চত্বরে তাদের জন্য বিছিয়ে দেওয়া হয়েছিল মাদুর। রোদে পিঠ দিয়ে তারা মেতে উঠেছিল সৃজনকর্মে। অভিভাবক আর গান-অন্তঃপ্রাণ দর্শকেরা ছড়িয়ে-ছিটিয়ে ছিলেন উদ্যানময়। ১০টায় জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিক উদ্বোধন শুরু হলে মঞ্চের সামনে নানা বয়সী নর-নারীর বিপুল সমাগম।অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল আলোচনা। শুরুতেই স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী, গীতিকার, সুরকার ও কলাকুশলীদের সম্মাননা জানানো হয়। জাগরণের শিল্পীরা তাঁদের উত্তরীয় পরিয়ে দেন এবং হাতে তুলে দেন নতুন অ্যালবামের সেট। তাঁদের মধ্যে ছিলেন শিল্পী অজিত রায়, কামাল লোহানী, রেজাউর করিম চৌধুরী, জাহিদ হোসেন প্রধান, সুবল দত্ত, আরতি ধর, ফকির আলমগীর, অরূপ রতন চৌধুরী, অমিতা বসু, নমিতা ঘোষ, আবু নওশের, শেখ জমিরউদ্দীন, কামাল উদ্দীন আহমেদ, শীল ভদ্র, মঞ্জুলা দাসগুপ্তা, মনোরঞ্জন ঘোষাল, মনোয়ার হোসেন খান, আ ম শরফুজ্জামান, রাশিদুল হোসেন, চাঁদ প্রবাসী, মাজহারুল ইসলাম, শেখ উবায়দুল বিন জালালাবাদী, পরিতোষ কুমার সাহা, তপন মাহমুদ, আখতার হুসেন, বুলবুল মহলানবীশ, নাসিরুল কাদির চৌধুরী ও মামুনুর রশীদ। এই পর্বে অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন ম হামিদ। ‘তারুণ্যের প্রাণে আরেকবার জেগে উঠুক বিজয়ের প্রেরণা’ শীর্ষক আয়োজনে স্বাগত বক্তৃতা করেন জাগরণের সভাপতি আবদুল খালেক। তিনি বলেন, ‘শিখা চিরন্তনের পাশে আজ আমরা সমবেত। এই মাঠ থেকেই ১৯৭১ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর সাতই মার্চের ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দিয়েছিলেন।’ বিজয়ের মাসে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়। তিনি অসুস্থ শিল্পী অজিত রায় ও বিপুল ভট্টাচার্যের চিকিৎসার জন্য ৫০ হাজার টাকা করে দেওয়ার ঘোষণা দেন।কামাল লোহানী বলেন, পাকিস্তানের দুঃশাসনের নাগপাশ থেকে মুক্তির সংগ্রামে এই গানগুলো জাতিকে উদ্বেলিত করেছিল।এরপর ছিল জাগরণের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত ‘ধনধান্য পুষ্পভরা’ গানের সঙ্গে নৃত্য। আলোচনার ফাঁকে ফাঁকে সঞ্চালক অতীত সংগ্রামে গণসংগীতের ভূমিকা ও গণসংগীতের ইতিহাস তুলে ধরেন। চর্যাপদের যুগ থেকেই দেশের প্রতি ভালোবাসার কথা বাঙালি প্রকাশ করে এসেছে গানে। কিন্তু অন্যায়-অবিচারের প্রতিবাদ-প্রতিরোধের হাতিয়ার হিসেবে গান এসেছে উনিশ শতক থেকে। কুড়ি শতকে সেই গান আরও শাণিত হয়েছে। যুদ্ধে অস্ত্র ও গণসংগীত অনেকটাই হয়ে উঠেছিল পরস্পরের সম্পূরক। মুকুন্দ দাস, জ্যোতিন্দ্র মৈত্র, হেমাঙ্গ বিশ্বাস, সলিল চৌধুরী, আবদুল লতিফ, শেখ লুৎফর রহমান, আলতাফ মাহমুদ প্রমুখের গান বাঙালিকে উদ্বুদ্ধ করেছে অধিকার বুঝে নেওয়ার লড়াকু সংগ্রামে আত্মদানে। আলোচনার ফাঁকে ফাঁকে ছিল নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে সেসব গান।বাংলালিংকের বিপণন পরিচালক শিহাব আহমেদ বলেন, স্বাধীনতা অর্জনের পর বাঙালি এখন অর্থনৈতিক মুক্তির সংগ্রাম করছে। এই গানগুলো সেই সংগ্রামে নতুন প্রজন্মকে প্রেরণা জোগাবে। বাংলালিংক এই উদ্যোগের সঙ্গে থাকতে পেরে গর্বিত। এরপর আবার সমবেত কণ্ঠের ‘বিজয় নিশান উড়ছে ঐ/ খুশীর হাওয়ায় উড়ছে বাংলার ঘরে ঘরে’ গানের সঙ্গে একঝাঁক শিশু-কিশোর হাতে লাল-সবুজ পতাকা নাড়িয়ে মঞ্চে সমবেত হলে আবেগময় পরিবেশের সৃষ্টি হয়।চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর বলেন, জাগরণের গান সব শ্রেণীর মানুষকে ব্যাপকভাবে জাগরিত করেছে। প্রথম অ্যালবামের বিপুল সাফল্যই তার প্রমাণ। এই নতুন অ্যালবামটিও শ্রোতাদের আলোড়িত করবে বলে তিনি মন্তব্য করেন।উদ্বোধনী পর্বের প্রধান অতিথি তথ্য ও সংস্কৃতিমন্ত্রী অ্যালবামের মোড়ক উন্মোচন করার সময় শত শত রঙিন বেলুন আকাশে ছেড়ে দেওয়া হয়। বিন্দু বিন্দু রঙের ফোঁটা সেগুলো ভেসে থাকে আকাশে। মন্ত্রী আবুল কালাম আজাদ বললেন, বিএনপি-জামায়াত জোট সরকার মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করেছিল। এই গান নতুন দিনের বাঙালিকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে সহায়ক হবে। তিনি এ ধরনের উদ্যোগ নেওয়ার জন্য সবার প্রতি আহ্বান জানান। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে শেষ হয় প্রথম পর্ব।এরপর সাংস্কৃতিক অনুষ্ঠান। নতুন অ্যালবামের গান ও গানের সঙ্গে নৃত্য পরিবেশন করেন জাগরণের শিল্পীরা। বিশিষ্ট শিল্পীরা পরিবেশন করেন একক সংগীত ও আবৃত্তি। শেষে ছিল নাটক। ‘এ কি অপরূপ রূপে মা তোমার’ গানের সঙ্গে নৃত্য দিয়ে এই পর্বের শুরু। সমবেত গানগুলোর মধ্যে ছিল ‘শিল্পী সংগ্রামী পল রবসন’, ‘অধিকার কে কাকে দেয়’, ‘যায় যদি যাক প্রাণ তবু দেব না গোলার ধান’, ‘লাখো লাখো হাত জাগিছে আজিকে’। নৃত্য ছিল ‘তীর হারা এই ঢেউয়ের সাগর’, ‘স্বাধীন স্বাধীন দিকে জাগছে বাঙালিরা’, ‘পূর্ব দিগন্তে সূর্য উঠেছে’ গানের সঙ্গে। একক কণ্ঠে জাগরণের শিল্পী জান্নাত এ ফেরদৌসী ‘দেখ মা এবার দুয়ার খুলে’ এবং শহীদ কবির ‘অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা’ পরিবেশন করেন। এ পর্বের সঞ্চালক ছিলেন মুর্শিদ আনোয়ার।জাগরণের শিল্পীদের পর ছিল বিশিষ্ট শিল্পীদের একক ও আমন্ত্রিত সংগঠনের দলীয় পরিবেশনা। মিতা হক গেয়ে শোনান, ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে’, সাজেদ আকবর পরিবেশন করেন, ‘বুক বেঁধে তুই দাঁড়া দেখি’, সালমা আকবরের কণ্ঠে ছিল ‘যে তোমায় ছাড়ে ছাড়ুক’, লিলি ইসলাম পরিবেশন করেন ‘আমি মারের সাগর পাড়ি দেব’ এবং বিশ্বজিৎ রায় শোনান ‘হায় রে আমার সোনার বাংলা’। দলীয় পরিবেশনায় গীতাঞ্জলির শিল্পীদের কণ্ঠে ছিল ‘এবার তোর মরা গাঙ্গে’, ‘দুর্গমগিরি কান্তার মরু’। উত্তরায়ণ পরিবেশন করে ‘বাংলার মাটি বাংলার জল’। আবৃত্তি করেন ভাস্বর বন্দ্যোপাধ্যায়, ঝর্ণা সরকার। পরে আরণ্যকের মুক্তিযুদ্ধভিত্তিক পথনাটক আগুনের ডালপালার মঞ্চায়ন।বিকেলের অধিবেশন শুরু হয়েছিল চারটায়। প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি অজিত রায় ও বিপুল ভট্টাচার্যের চিকিৎসার জন্য দেওয়া অর্থের চেক দেন ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের হাতে সনদ তুলে দেন। তিনি বলেন, সংকটের কালে এসব গান জাতিকে পথ দেখিয়েছে, দুঃসময় অতিক্রমের সাহস দিয়েছে। বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আহমেদ আবু দোমা বলেন, বাংলালিংক বাঙালির হাজার বছরের পুরোনো ঐতিহ্য ও সংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে এর চর্চা ও বিকাশে সহায়তা দিয়ে আসছে। বক্তব্য দেন জাগরণের সম্পাদক মোস্তফা জাহিদ খান। পরে ছিল সাংস্কৃতিক অনুষ্ঠান। জাগরণের শিল্পী ছাড়াও দলীয় সংগীত পরিবেশন করে ঋষিজ ও নিবেদন। আবৃত্তিতে ছিল সংবৃত ও মুক্তধারা। ছিল থিয়েটার আরামবাগের নাটক ও একক শিল্পীদের গান। রাত নয়টা পর্যন্ত বিপুলসংখ্যক শ্রোতা প্রেরণাদীপ্ত এই অনুষ্ঠান উপভোগ করেন।