জাগরণের গানের আট শিল্পীর আটটি অ্যালবাম
জান্নাত-এ-ফেরদৌসী, বিমান চন্দ্র বিশ্বাস, নাসিমা খান, ফারাহ্ দীনা, রেজাউল করিম, শহীদ কবির, মাহমুদুল হাসান ও দিদারুল করিম—আটজন শিল্পী। তাঁদের প্রত্যেকেরই রয়েছে নিজস্ব পরিচয়। তাঁদের আরেকটি পরিচয়, তাঁরা সবাই জাগরণের গান অ্যালবামের শিল্পী। এরই মধ্যে জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্র প্রকাশ করেছে ‘জাগরণের গান’ সিরিজের চারটি অ্যালবাম। এবার এই আটজন শিল্পীর গান নিয়ে আটটি অ্যালবাম প্রকাশ করছে জাগরণ সাংস্কৃতিক চর্চা ও গবেষণা কেন্দ্র। অ্যালবামগুলো হলো লোকগান নিয়ে বিমান চন্দ্র বিশ্বাসের গুরু আমায় করো করুণা ও দিদারুল করিমের মানবতরণী, রবীন্দ্রনাথের গান নিয়ে নাসিমা খানের আর রেখো না আঁধারে ও ফারাহ্ দীনার অদেখা বন্ধু, বিভিন্ন ধারার গান নিয়ে মাহমুদুল হাসানের জন্মভূমি ও শহীদ কবিরের নব নব রূপে, রজনীকান্ত-দ্বিজেন্দ্রলাল-অতুলপ্রসাদের গান নিয়ে জান্নাত-এ-ফেরদৌসীর সবারে বাসের ভালো এবং নজরুলের গান নিয়ে রেজাউল করিমের সঘনশ্রাবণ।আজ শুক্রবার সন্ধ্যায় ছায়ানট সংস্কৃতি-ভবনের মিলনায়তনে এই আটটি অ্যালবামের মোড়ক খোলা হবে। থাকবে আমন্ত্রিত শিল্পীদের গানের অনুষ্ঠান।