জাগরণের গানের উত্সব
আগামীকাল শুক্রবার সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে ‘জাগরণের গান উত্সব’-এর আয়োজন করা হয়েছে। উত্সবে এবার জাগরণের গান-২ (গণসংগ্রামের গানের সংকলন) অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে। স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র তৈরি করেছে অ্যালবামটি। বাংলালিংকের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের নির্বাহী সদস্য মোস্তফা তৌহিদ খান জানান, এবারের অ্যালবামে থাকছে ১০১টি গান। এর মধ্যে নতুন গান ৭১টি আর প্রথমটি থেকে ৩০টি গান রাখা হয়েছে। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। বাংলাদেশের শিল্পীদের মধ্যে আছেন সাবিনা ইয়াসমীন, রেজওয়ানা চৌধুরী বন্যা, লীনু বিল্লাহ, সুবীর নন্দী, কনকচাঁপা, অদিতি মহসীন, শহীদ কবির, জান্নাতি ফেরদৌস, বিমান চন্দ্র বিশ্বাস, দিদারুল করিমসহ আরও অনেকে। আর ভারতীয় শিল্পীদের মধ্যে আছেন অজয় চক্রবর্তী, হৈমন্তী শুক্লা, রশীদ খান, কবির সুমন, শ্রীকান্ত, ইন্দ্রানী সেন, ব্রততী বন্দ্যোপাধ্যায়, লোপামুদ্রা মিত্র, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, রূপঙ্কর, মনোময় ভট্টাচার্য, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা চৌধুরীসহ আরও অনেকে। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মাহমুদ সেলিম, পরিকল্পনা ও সহকারী প্রশিক্ষক ছিলেন ফারাহ দিনা গুঞ্জন। সংগীত পরিচালনা করেছেন অমিত বন্দ্যোপাধ্যায়।শিখা চিরন্তনে এই উত্সব শুরু হবে সকাল ১০টায়। মাঝে তিন ঘণ্টার বিরতি দিয়ে অনুষ্ঠান চলবে রাত নয়টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।এবারের অ্যালবামটি উত্সর্গ করা হয়েছে স্বাধীন বাংলা বেতারকেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের। উত্সবে তাঁদের সংবর্ধনা জানানো হবে।