জাগরণের গানের উৎসব
সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনে আজ ‘জাগরণের গান উৎসব’ আয়োজন করা হয়েছে। উৎসবে এবার জাগরণের গান ২ (গণসংগ্রামের গানের সংকলন) অ্যালবামের মোড়ক খোলা হবে। স্টেপ মিডিয়া লিমিটেডের ব্যবস্থাপনায় জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্র তৈরি করেছে অ্যালবামটি। বাংলালিংকের পৃষ্ঠপোষকতার পাশাপাশি এই আয়োজনের সহযোগী প্রতিষ্ঠানগুলো হলো প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও।আজ শিখা চিরন্তনে উৎসব শুরু হবে সকাল ১০টায়। মাঝে তিন ঘণ্টার বিরতি। এরপর অনুষ্ঠান চলবে রাত নয়টা পর্যন্ত। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই।স্টেপ মিডিয়ার ব্যবস্থাপনা পরিচালক এবং জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের নির্বাহী সদস্য মোস্তফা তৌহিদ খান জানান, অ্যালবামে থাকছে ১০১টি গান। এর মধ্যে নতুন গান ৭১টি আর প্রথমটি থেকে ৩০টি গান রাখা হয়েছে। অ্যালবামের গানগুলোতে কণ্ঠ দিয়েছেন বাংলাদেশ ও ভারতের শিল্পীরা। প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন মাহমুদ সেলিম, পরিকল্পনা ও সহকারী প্রশিক্ষক ছিলেন ফারাহ দিনা গুঞ্জন।এবারের অ্যালবামটি উৎসর্গ করা হয়েছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী ও কলাকুশলীদের। উৎসবে তাঁদের সংবর্ধনা জানানো হবে। অনুষ্ঠানটি চ্যানেল আইতে সরাসরি দেখানো হবে।