জাগরণের গানের মহা উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছর ১২ ডিসেম্বর সোহ্রাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন প্রাঙ্গণে একাত্তরটি গানের সংকলন জাগরণের গান অ্যালবামের মোড়ক উন্মোচন করা হয়। সেদিন আয়োজন করা হয়েছিল ‘জাগরণের গানের উৎসব’। আজ আয়োজন করা হচ্ছে ‘জাগরণের গানের মহা উৎসব’। বাংলালিংকের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সহযোগী হিসেবে রয়েছে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণা কেন্দ্র, স্টেপ মিডিয়া লিমিটেড, প্রথম আলো, চ্যানেল আই ও এবিসি রেডিও। কমলাপুর স্টেডিয়ামে কনসার্ট ‘জাগরণের গানের মহা উৎসব’ শুরু হবে বেলা তিনটায়। এখানে গান করবেন আজম খান, এলআরবি, মাইলস, হায়দার হোসেন, মাকসুদ ও ওয়ারফেইজ। এ আয়োজন প্রসঙ্গে জাগরণ সংস্কৃতিচর্চা ও গবেষণাকেন্দ্রের নির্বাহী সদস্য মোস্তফা তৌহিদ খান বলেন, ‘আমাদের তরুণ প্রজন্ম ব্যান্ড সংগীতের দারুণ ভক্ত। এবার আমরা চেয়েছি জনপ্রিয় ব্যান্ডগুলোর মধ্য দিয়ে জাগরণের গানকে আরও বেশি জনপ্রিয় করতে। এর ফলে তরুণেরা গণসংগীত ও মুক্তিযুদ্ধের সময় রচিত গানগুলোর ব্যাপারে আগ্রহী হবে।’মোস্তফা তৌহিদ জানান, আজকের কনসার্টে ব্যান্ডগুলো নিজেদের গানের পাশাপাশি জাগরণ গান সংকলন থেকেও গান করবে।