জাগরণের ‘একুশের গান’
ভাষা আন্দোলনের ওপর লেখা ১২টি গান নিয়ে এসেছে অ্যালবাম একুশের গান। বাংলা একাডেমীর অমর একুশে গ্রন্থমেলায় বৃহস্পতিবার বিকেলে অ্যালবামটির মোড়ক খুললেন বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক কামাল লোহানী। অ্যালবামটি এনেছে জাগরণ সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র। এই প্রতিষ্ঠানের নির্বাহী সদস্য মোস্তফা তৌহিদ খান বললেন, ‘এর আগে আমরা জাগরণের গান নামে একটি সংকলন প্রকাশ করেছি। এবার ভাষার গান নিয়ে প্রকাশ করেছি আরেকটি অ্যালবাম। এখানে গান করেছেন জাগরণের শিল্পীরা। আরও আছেন আব্দুল জব্বার, সুবীর নন্দী, মাহমুদ সেলিম ও মিতা হক।’তিনি আরও বলেন, ‘ভাষা আন্দোলনের ওপর রচিত এমন অনেক গান আছে, যা এখন আর শোনাই যায় না। আমরা সেসব গান শ্রোতাদের কাছে তুলে ধরতে চাই। একুশের গান তার প্রথম পদক্ষেপ। সামনে ভাষার ওপর রচিত অন্যান্য গান নিয়ে অ্যালবাম প্রকাশের প্রক্রিয়া অব্যাহত থাকবে।’একুশের গান অ্যালবামের গানগুলো হলো—‘মোদের গরব মোদের আশা’, ‘ওরা আমার মুখের ভাষা’, ‘রাষ্ট্রভাষা আন্দোলন’, ‘আগুন নিভাইবো কে রে’, ‘দাম দিয়ে কিনেছি বাংলা’, ‘আমার প্রতিবাদের ভাষা’, ‘সালাম সালাম হাজার সালাম’, ‘রক্ত শিমুল তপ্ত পলাশ’, ‘ঘুমের দেশে’, ‘রক্তে আমার আবার’, ‘মাগো তোমার সোনা মানিক’, ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো’। রয়েছে সব কটি গানের কথা এবং শিল্পীদের ছবি।