জাগরেভ উৎসবে পুরস্কার পেল অমিতাভ রেজার 'ল্যান্ড অব স্টোরিজ'

ক্রোয়েশিয়ার জাগরেভ ট্যুরফিল্ম উৎসবে পুরস্কার পেয়েছে অমিতাভ রেজা পরিচালিত ল্যান্ড অব স্টোরিজ প্রামাণ্যছবিটি। এবারের উৎসবে ‘সেরা আন্তর্জাতিক পর্যটনবিষয়ক ছবি’ হিসেবে নির্বাচিত হয়েছে এটি। সাত মিনিট দৈর্ঘ্যের এই ছবির বিষয় ‘বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য ও মানুষ’।
পুরস্কার পাওয়ার খবর জানার পর গতকাল শনিবার অমিতাভ রেজা বলেন, ‘বাংলাদেশ পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে ছবিটা তৈরি করেছি। তখন দেশে রাজনৈতিক অস্থিরতা ছিল। এর মধ্যে বিভিন্ন জায়গায় ঘুরে ছবিটা করতে খুব কষ্ট হয়েছে। প্রাকৃতিক সৌন্দর্যের চেয়েও ওই এলাকার মানুষগুলো আমাকে বেশি মুগ্ধ করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে যে অসম্ভব প্রেম, সেটাই আমাকে এই ছবিটি তৈরিতে উৎসাহিত করেছে।’
৪ থেকে ৬ জুন ক্রোয়েশিয়ার রাজধানী জাগরেভে অনুষ্ঠিত হলো জাগরেভ ট্যুরফিল্ম উৎসব। বিশ্বজুড়ে পর্যটন খাতকে উৎসাহিত করতে তৈরি ছবিকে পুরস্কৃত করতে এই উৎসব আয়োজন করা হয়।