জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ বীরপালা নাটকের একটি মুহূর্ত l ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে
জাতীয় নাট্যশালায় গতকাল মঞ্চস্থ বীরপালা নাটকের একটি মুহূর্ত l ছবি: শিল্পকলা একাডেমির সৌজন্যে

ওদের পরাজয় তখন নিশ্চিত হয়ে গেছে। আত্মসমর্পণ করে ফিরে যাওয়ার পালা। নিশ্চিত পরাজয় জেনে ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত হলো পাকিস্তানি বাহিনী। তাদের এদেশীয় দালাল ও দোসর আলবদর বাহিনীর সহায়তায় জাতিকে মেধাশূন্য করার পরিকল্পনা নেওয়া হলো। বিজয় দিবসের আগে, ১০ ডিসেম্বর থেকে তারা নির্মমভাবে হত্যা করা শুরু করল জাতির শ্রেষ্ঠ সন্তানদের। সবচেয়ে বেশি বুদ্ধিজীবীদের অপহরণ করল ১৪ ডিসেম্বর। গতকাল ১৪ ডিসেম্বর সোমবার ছিল সেই বিভীষিকাময় দিন। শহীদ বুদ্ধিজীবী দিবস। দিনটিতে নানা আয়োজনে স্মরণ করা হলো সেসব মেধাবী মানুষকে। রাজধানীজুড়ে নানা আনুষ্ঠানিকতায় শহীদ বুদ্ধিজীবীদের প্রতি নিবেদন করা হয় শ্রদ্ধাঞ্জলি।
জাতীয় জাদুঘরের পক্ষ থেকে হেমন্তের বিকেলে শহীদ বুদ্ধিজীবীদের নিবেদিত আলোচনা সভায় অংশ নেন ডা. নুজহাত চৌধুরী, সুমন জাহিদ, অধ্যাপিকা ফাহমিদা খানম, ফারজানা মজিদ ও শিখা চক্রবর্তী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাদুঘর বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি এম আজিজুর রহমান।
শহীদ বুদ্ধিজীবী দিবসে নাট্য প্রদর্শনী ও শিল্পকর্ম প্রদর্শনীর আয়োজন করে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। বিকেলে একাডেমির জাতীয় চিত্রশালায় শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে শিল্পী কামালুদ্দিনের আঁকা ১২ জন শহীদ বুদ্ধিজীবীর প্রতিকৃতি। তাঁরা হলেন মুনীর চৌধুরী, আলতাফ মাহমুদ, শহীদুল্লা কায়সার, জহির রায়হান, মোফাজ্জল হায়দার চৌধুরী, সেলিনা পারভীন, সিরাজুদ্দীন হোসেন, ফজলে রাব্বি, ধীরেন্দ্রনাথ দত্ত, রণদা প্রসাদ সাহা, ড. গোবিন্দ চন্দ্র দেব ও ড. আজহারুল হক। প্রদর্শনীতে শিল্পী আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, সমরজিৎ রায়চৌধুরী, হাশেম খান, রফিকুন নবী, কাইয়ুম চৌধুরী, কাজী আনোয়ার হোসেন, শিশির ভট্টাচার্য্য, আবু তাহের, হামিদুজ্জামান খানসহ নানা প্রজন্মের ৮০ জন শিল্পীর ১৫০টি শিল্পকর্ম প্রদর্শিত হচ্ছে। ৩১ ডিসেম্বর পর্যন্ত চলমান প্রদর্শনী প্রতিদিন বেলা ১১টা থেকে সন্ধ্যা ৭টা এবং শুক্র ও শনিবার বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে।
সন্ধ্যায় একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে মঞ্চস্থ হয় দুটি নাটক। নাটকগুলো হলো সিংহ রজনী দুঃখগাথা ও যমুনা।
দনিয়া সাংস্কৃতিক জোট সন্ধ্যায় বিজয়ের ৪৮ ঘণ্টা পূর্বের স্মৃতিকথা শীর্ষক বিশেষ নাট্য প্রদর্শনীর আয়োজন করে শিল্পকলা একাডেমির সহযোগিতায়।
দনিয়া এলাকার পুরোনো এ কে হাইস্কুল অ্যান্ড কলেজের কয়েকটি ভবনজুড়ে চলে এই আয়োজন।