জাতিসংঘে গাইলেন বিয়ন্স
বিশ্ব মানবহিতৈষী দিবস উপলক্ষে ১৯ আগস্ট মার্কিন পপগায়িকা বিয়ন্স নোলসের নতুন একটি মিউজিক ভিডিও প্রকাশ করা হবে। এরই মধ্যে ২০১১ সালে প্রকাশিত বিয়ন্সের ‘আই ওয়াজ হিয়ার’ গানটির মিউজিক ভিডিওর রেকর্ডিং হয়েছে জাতিসংঘের সাধারণ পরিষদের মিলনায়তনকক্ষে। এক খবরে এমনটিই জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।সেখানে লাইভ রেকর্ডিংয়ের জন্য মঞ্চে দাঁড়িয়ে পুরো গানটি গেয়েছেন বিয়ন্স। অসহায় মানুষের জন্য ভালো কিছু করার আহ্বান জানাতে এই মিউজিক ভিডিওটির মাধ্যমে বিশ্বব্যাপী প্রচারণা চালানো হবে। প্রত্যাশা করা হচ্ছে, ১০০ কোটি মানুষের কাছে পৌঁছে যাবে এই আহ্বান।সাধারণত বিশ্বনেতারাই বসেন জাতিসংঘের সাধারণ পরিষদের ওই কক্ষে। তবে এবারের শুক্রবারটা ছিল একটু ব্যতিক্রম। সেদিন রাষ্ট্রদূত ও বিশ্বনেতাদের পরিবর্তে অ্যাসেম্বলি হলের কয়েকটি আসনে বসেছিলেন জুলিয়া স্টাইলস, অ্যালেক ওয়েকসহ বেশ কয়েকজন তারকা। তাঁদের সবার সামনে ‘আই ওয়াজ হিয়ার’ গানটি গেয়েছেন বিয়ন্স।২০০১ সালে নিউইয়র্কের টুইন টাওয়ারে সন্ত্রাসী হামলার বিষয়কে উপজীব্য করে ব্যালাডধর্মী ‘আই ওয়াজ হিয়ার’ গানটি লেখেন ডিয়ান ওয়ারেন। বিশ্বের জন্য ভালো কিছু করার আকুল আকাঙ্ক্ষার বার্তা উঠে এসেছে গানটিতে। গানটির মিউজিক ভিডিও রেকর্ডিংয়ের মহড়ার সময় জাতিসংঘের মহাসচিব বান কি মুনের সঙ্গে সাক্ষাত্ করেন বিয়ন্স।