জাতিসংঘে লালন

‘আমি অপার হয়ে বসে আছি
ওহে দয়াময়
পারে লয়ে যাও আমায়...’
জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের মিলনায়তনে তখন পিনপতন নীরবতা৷ মঞ্চে গান গাইছেন বাংলাদেশের ব্যান্ড লালনের শিল্পী সুমী৷ মিলনায়তনের চার দেয়াল ভেদ করে তাঁর কণ্ঠ যেন ছুটে যেতে চাইছে দূর আকাশপানে৷ মঞ্চের সামনে বসে আছেন জাতিসংঘের মহাসচিব বান কি মুন৷ তাঁর সঙ্গে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি এইচ ই জন ডব্লু অ্যাশ, তিনিই আয়োজন করেছেন এই কনসার্ট৷ আরও আছেন আমন্ত্রিত অতিথিরা৷
কথা ছিল কনসার্ট উদ্বোধন করেই চলে যাবেন বান কি মুন৷ কিন্তু তিনি যাননি৷ জানতে চাইলেন, প্রথম কে গান করবে৷ তাঁকে জানানো হলো, বাংলাদেশের ব্যান্ড লালন৷ শিল্পী আর আয়োজকদের সঙ্গে নিয়ে তিনি আলোকচিত্রীদের সামনে দাঁড়ালেন৷ এরপর গিয়ে বসলেন মঞ্চের সামনে৷ সেদিন কনসার্টে সবাই মুগ্ধ হয়ে শুনেছেন বাংলাদেশের গান, ব্যান্ড লালনের গান৷
সুমী আর তিতি শ্রোতাদের সামনে বাংলাদেশ ও লালন সম্পর্কে কিছু তথ্য তুলে ধরেন৷ তিতি তুলে ধরেন বাংলাদেশের ধর্মীয় সম্প্রীতির কথা৷ সুমী বলেন, বাংলাদেশ শুধু প্রাকৃতিক সৌন্দর্য নয়, শান্তির দেশও৷ ১৫০ বছর আগেই লালন সাঁই বর্ণপ্রথার বিরুদ্ধে গান গেয়েছেন৷
এরপর ব্যান্ড লালন পরিবেশন করে ‘জাত গেল জাত গেল...’৷ সবশেষে শোনায় ‘পাগল...’৷ শ্রোতারা তুমুল করতালিতে তাদের পরিবেশনাকে স্বাগত জানায়৷

৬ জুন সন্ধ্যা সাতটা৷ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘের সদর দপ্তর৷ এখানে সাধারণ পরিষদের মিলনায়তনে কনসার্ট আয়োজন করা হয়৷ কনসার্টের শিরোনাম ‘সেটিং দ্য স্টেজ ২০১৫ অ্যান্ড বিয়োন্ড’৷ যৌথভাবে এই কনসার্ট উদ্বোধন করেন বান কি মুন এবং এইচ ই জন ডব্লু অ্যাশ৷ কনসার্টে গান করেছে ক্যারিবীয় অঞ্চলের ব্যান্ড ও শিল্পী৷ যেমন: কাসাভ, ডেভিড রাডার, ম্যাচেল মন্টানো৷ দক্ষিণ সুদানের র্যাপার এম্মানুয়েল জাল৷ আছে বাংলাদেশের ব্যান্ড লালন৷ কনসার্ট শেষ হওয়ার পরও ব্যান্ড লালনের গানের রেশ ছুঁয়েছিল বান কি মুনের মনে৷ কনসার্ট শেষে এগিয়ে এসে সুমীকে শুভেচ্ছা জানান তিনি৷
ব্যান্ড লালনের সদস্যরা দেশে ফিরেছেন ৯ জুন৷ গত শনিবার বিকেলে তাঁদের প্রথম আলো কার্যালয়ে আমন্ত্রণ জানানো হয়৷ সেদিন এসেছিলেন তিতি, সুমী, তুর্য আর রাফি৷ তিতি জানান, জাতিসংঘের কনসার্টে তাঁদের সঙ্গে আরও ছিলেন অতিথি শিল্পী বাপ্পি৷
আড্ডার শুরুতেই কনসার্টের গোড়ার কথা, এই কনসার্টে ব্যান্ড লালন কীভাবে আমন্ত্রণ পেয়েছে? তিতি বললেন, ‘গত মাসের মাঝামাঝি চট্টগ্রামের ফয়’স লেকে আমরা গান করছি৷ তখন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান নূর আমাদের ফোনে এই আমন্ত্রণের কথা জানান৷ ১৯৩টি দেশের মধ্য থেকে মাত্র ছয়টি দেশের ব্যান্ড আর শিল্পী এই সুযোগ পেয়েছে৷ আর বাংলাদেশ যেন এই সুযোগ পায়, এ ব্যাপারে মুখ্য ভূমিকা রেখেছেন জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি এ কে আবদুল মোমেন৷’
এবার কনসার্ট আয়োজনের পেছনের কথা৷ তিতি বলেন, ‘ভবিষ্যতে এই বিশ্বকে কীভাবে দেখতে চায় বিশ্বের লোকজন? কেমন করে সাজাতে চায় তারা এই বিশ্বকে? সেখানে কোন দিকগুলোর ওপর বেশি গুরুত্ব দিতে হবে? জাতিসংঘ তেমনই কিছু বিষয় বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে৷ এখান থেকে সবাইকে ছয়টি বিষয় বেছে নিতে হবে৷ আর এর জন্য ভোট দিতে হবে৷ “মাই ওয়ার্ল্ড ২০১৫” শিরোনামে চলছে এই ভোট-প্রক্রিয়া৷ সবাইকে এই ভোট দিতে আহ্বান জানিয়েছে জাতিসংঘ৷ আর এর জন্য উৎসাহিত করতে আয়োজন করা হয় কনসার্টটি৷’
‘মাই ওয়ার্ল্ড ২০১৫’ আয়োজনে যে বিষয়গুলোর ওপর যে কেউ ভোট দিতে পারবেন, সেগুলো হলো নির্ভরযোগ্য জ্বালানি, নারী ও পুরুষের সাম্য, উন্নততর স্বাস্থ্যসেবা, সাশ্রয়ী মূল্যে পুষ্টিকর খাদ্য, রাজনৈতিক স্বাধীনতা, ভালো মানের শিক্ষা, কাজ করতে অক্ষম লোকজনের জন্য সহায়তা, ফোন ও ইন্টারনেটের সুযোগ, জলবায়ু পরিবর্তনের ব্যাপারে ব্যবস্থা গ্রহণ, অপরাধ ও সহিংসতা থেকে সুরক্ষা, ভালো কাজের সুযোগ, বৈষম্য ও নির্যাতন থেকে মুক্তি, উন্নততর পরিবহন ও সড়কব্যবস্থা, বন, নদী ও সমুদ্র সুরক্ষা, বিশুদ্ধ পানীয় জল ও স্যানিটেশনের সুবিধা এবং সৎ ও সচেতন সরকার৷
২০১৫ সালে জাতিসংঘ এক সম্মেলন আয়োজন করেছে৷ ‘মাই ওয়ার্ল্ড ২০১৫’ আয়োজনে সর্বাধিক ভোট পাওয়া ছয়টি বিষয় এই সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানদের সামনে তুলে ধরা হবে৷ আর তা বাস্তবায়নে সবাইকে আহ্বান জানাবে জাতিসংঘ৷
তিতি জানান, কনসার্টের আগে দুপুরে এক সংবাদ সম্মেলনে অংশ নেন ‘সেটিং দ্য স্টেজ ২০১৫ অ্যান্ড বিয়োন্ড’ কনসার্টে শিল্পী ও ব্যান্ডের সদস্যরা৷

সুমী বলেন, ‘সেদিন এই কনসার্টে এক মুহূর্তের জন্যও মনে হয়নি আমরা ব্যান্ড লালন গান করছি৷ বারবার মনে হয়েছে আমাদের সঙ্গে আছে বাংলাদেশ আর অন্তরে লালন সাঁই৷’
ব্যান্ড লালনে মাত্র তিন মাস আগে যোগ দিয়েছেন রাফি৷ এসেই জাতিসংঘে গান গাওয়ার সুযোগ পেয়ে দারুণ খুশি৷ বললেন, পুরো ব্যাপারটি অবিশ্বাস্য মনে হয়েছে৷
দেশে ফেরার পর ই-বার্তার মাধ্যমে অসংখ্য শুভেচ্ছা পেয়েছেন ব্যান্ড লালনের সদস্যরা৷ জাতিসংঘে বাংলাদেশের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি লিখেছেন, ‘১৯৩টি দেশের মধ্যে মাত্র ছয়টি দেশ সুযোগ পেয়েছিল হাজার হাজার দর্শককে সাড়ে তিন ঘণ্টা ধরে মন্ত্রমুগ্ধ করে রাখার৷ দারুণ একটা আয়োজন ছিল৷ বাংলাদেশ আহ্বান জানিয়েছে জাতি-ধর্ম-বর্ণ, সামাজিক অবস্থানের বিভেদ নয়, সবার ওপরে মানবতাকে তুলে ধরে শান্তিপূর্ণ পৃথিবী গড়ে তুলতে৷ সংকীর্ণ স্বার্থপরতা ভুলে ২০১৫-পরবর্তী বিশ্ব একতাবদ্ধ, দারিদ্র্যমুক্ত ও শান্তিপূর্ণ হয়ে উঠুক, এটাই ছিল এই আয়োজনের বার্তা৷ ব্যান্ড লালন দুর্দান্ত পারফর্ম করেছে৷ মহাসচিব বান কি মুনসহ অনেকেই আমাকে এবং আমার স্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন৷’