জাতিসংঘের শুভেচ্ছাদূত ঐশ্বরিয়া
জাতিসংঘের এইডসবিষয়ক কর্মসূচি ইউএনএইডসের শুভেচ্ছাদূত হিসেবে নিযুক্ত হলেন বলিউডের অভিনেত্রী ও সাবেক বিশ্বসুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। সংস্থাটির এ কর্মসূচির মাধ্যমে তিনি বিশ্বব্যাপী শিশুদের এইডস সম্পর্কে সচেতনতা তৈরির কাজে সহযোগিতা করবেন। ঐশ্বরিয়ার জাতিসংঘের শুভেচ্ছাদূত নির্বাচিত হওয়ার ব্যাপারে গত সোমবার এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছিল। এতে জাতিসংঘের ইউএনএইডসের নির্বাহী পরিচালক মাইকেল সিদিবে ঐশ্বরিয়াকে জাতিসংঘের ইউএনএইডস পরিবারের সদস্য হিসেবে স্বাগত জানান। এক খবরে এ তথ্য জানিয়েছে চীনের বার্তা সংস্থা সিনহুয়া। জাতিসংঘের বিভিন্ন জনসচেতনতামূলক কাজের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন ঐশ্বরিয়া। এবার এইডস সচেতনতার বিষয়ে তিনি বেশি জোর দেবেন।অনুষ্ঠানে ঐশ্বরিয়া রাই বচ্চন বলেন, ‘এ ধরনের কল্যাণকর কাজের অংশ হতে পেরে আমি খুবই সম্মানিত বোধ করছি।’ তিনি আরও বলেন, ‘বিশেষ এই কার্যক্রমে নারী ও শিশুদের শারীরিক বিভিন্ন সমস্যার ব্যাপারে সচেতনতা তৈরিতে আমি কাজ করব।’ ঐশ্বরিয়া বলেন, ‘আমি গভীরভাবে বিশ্বাস করি, এ ধরনের কার্যক্রমের সাফল্যে ভবিষ্যতের প্রতিটি শিশুই এইডসমুক্ত হয়ে জন্ম নেবে।’